টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা ইতালি দ্বিতীয় ম্যাচেই ইতিহাস গড়ল। আজ বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালকে ১০ উইকেটে হারিয়ে চমক সৃষ্টি করেছে তারা। আগে ব্যাট করে ১২৩ রানে অলআউট হয়ে যায় নেপাল। জবাবে ৪৪ বল বাকি থাকতে ১০ উইকেটের বড় জয় নিশ্চিত করে ইতালি।
দুই ভাই অ্যান্থনি মসকা (৩২ বলে ৬২*) ও জাস্টিন মসকা (৪৪ বলে ৬০*) শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করে ইতালিকে জিতিয়েছেন।
প্রথমবার বিশ্বকাপে এসেই জয় পেয়ে আনন্দিত ইতালির অধিনায়ক হ্যারি মানেতির প্রতিক্রিয়া ছিল এরকম, ‘সত্যিই অবিশ্বাস্য। ইতালির অনেক মানুষ আর এই দলটার অনেকের কাছে বিষয়টা স্বপ্নের মতো। আগেরদিন আমরা ভালো করতে পারিনি, তবে আজ ঐক্যবদ্ধ থেকে বিশ্বকে দেখিয়ে দিয়েছি, আমরা কী করতে চাই।’
পরের ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে ইতালি। বিশ্বকাপের ইউরোপের দলগুলোর বিপক্ষে ইংল্যান্ডের রেকর্ড মোটেও ভালো নয়, ০-৩। কাজেই পরের ম্যাচে ইতালিকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই হ্যারি ব্রুকদের সামনে।









