বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ বৃহস্পতিবার রাতের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ১৮১ রানের টার্গেট দিয়ে ২০ রানের জয় পেয়েছে সিলেট টাইটানস। এ ম্যাচে ব্যাট- বলে অলরাউন্ড নৈপুন্য দেখান ইংলিশ ক্রিকেটার মঈন আলী।

কোনো ফিফটি ছাড়াই বড় সংগ্রহ গড়ে সিলেট। আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই ২৩ বলে ৩৩ রান করে আউট হওয়ার সময় বল বাকি মোটে ১৩টি। এই ১৩ বলে ৪৫ রান তুলেছে সিলেট! এর মূল কৃতিত্ব কৃতী অলরাউন্ডার মঈন আলীর। ৮ বলে দুই চার ও তিন ছক্কায় তিনি ২৮ রান করেন। এছাড়া আরিফুল হক ২৯ বলে ৩৮ ও পারেভজ হোসেন ইমন ২৪ বলে ৩২ রান করেন।

জবাব দিতে নেমে ৮ উইকেটে ১৬০ রান তুলতে সমর্থ হয় ঢাকা। মঈন ২০ রানে ২টি উইকেট নিয়ে ম্যাচসেরা হন। সালমান ইরশাদ নেন ৩ উইকেট। ঢাকার হারে বিফলেই যায় আফগান তারকা রহমানুল্লাহ গুরবাজের ৫১ রানের ইনিংসটি।

এটা ছিল সিলেটের অষ্টম ম্যাচ। এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠেছে সিলেট। আজ দুপুরের ম্যাচে সিলেটকে চারে নামিয়ে তিনে উঠে যায় রাজশাহী। রাতে সিলেট তৃতীয় স্থান পুনরুদ্ধার করেছে। যদিও রাজশাহীর চেয়ে তিন ম্যাচ বেশি খেলেছে তারা। ঢাকা ছয় ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে।