টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ল আয়ারল্যান্ড। আজ শনিবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ওমানের বিপক্ষে ৫ উইকেটে ২৩৫ রানের সৌধ গড়ে টেস্ট খেলুড়ে দেশটি। এই রান তাড়া করতে নেমে ১৩৯ রানে অলআউট হয়ে গেছে ওমান। ৯৬ রানে জিতেছে আইরিশরা, যা চলতি আসরে তাদের প্রথম জয়।

২০০৭ সালের বিশ্বকাপে জোহানেসবার্গে কেনিয়ার বিপক্ষে ৬ উইকেটে ২৬০ রান তুলেছিল শ্রীলংকা, যা এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আজ ২৩৫ রান করে দুইয়ে উঠে গেল আইরিশরা।

এতদিন শ্রীলংকার পরে ছিল ইংল্যান্ডের ২৩০ রান, দক্ষিণ আফ্রিকার ২২৯ রান, শ্রীলংকার ২২৫ রান, ভারতের ২১৮ রান, ওয়েস্ট ইন্ডিজের ২১৮ রান, দক্ষিণ আফ্রিকার ২১৩ রান। আজ এসব সংগ্রহ টপকে দুইয়ে উঠে গেছে আয়ারল্যান্ড।

চলতি আসরে এ দিয়ে দুবার প্রতিপক্ষের নির্মম ব্যাটিংয়ের শিকার হলো ওমান। দুদিন আগে পাল্লেকেলেতে তাদের পিটিয়ে ২২৫ রান তুলেছিল শ্রীলংকা। ওই ম্যাচে ১০৫ রানে হেরেছিল মধ্যপ্রাচ্যের দলটি।

লরকান টাকার ৫১ বলে ১০ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৯৪ রানের ইনিংস খেলে ওমানকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন। এছাড়া গ্যারেথ ডিলানি ৩০ বলে ৩ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৫৬, জর্জ ডকরেল ৯ বলে ৫ ছক্কায় ৩৫ রান করেন। টাকা ও ডিলানি ৫৬ বলে ১০১ এবং টাকার ও ডকরেল ১৯ বলে ৭০ রানের জুটি গড়েন। ওমানের শাকিল আহমেদ ৩৩ রানে ৩ উইকেট নেন।

মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে আয়ারল্যান্ড।