আনুষ্ঠানিকভাবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচের স্পন্সর করা হচ্ছে তার্কিশ এয়ারলাইনসকে। আজ সোমবার ইস্তানবুলভিত্তিক উড়োজাহাজ সংস্থাটি এ তথ্য নিশ্চিত করেছে।

আনাদোলু এজেন্সির বরাতে জানা গেছে, ইস্তানবুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে আগামী বছরের ১০ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে। সংস্থাটি বলেছে, তুরস্কের ক্রীড়া ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ স্পন্সরশিপগুলোর মধ্যে এটি হবে ‘মর্যাদাপূর্ণ’।

শুধু তাই নয়- উয়েফা সুপার কাপ, উয়েফা ফুটসাল চ্যাম্পিয়ন্স লিগ এবং উয়েফা ইয়ুথ লিগের ফাইনালের অফিসিয়াল স্পন্সরও হবে তার্কিশ এয়ারলাইনস।

চুক্তির অংশ হিসাবে তার্কিশ এয়ারলাইনসের লোগো ম্যাচ সম্প্রচারের আগে, পরে ও খেলা চলাকালীন মাঠগুলোতে স্থাপন করা লাইট-এমিটিং ডায়োড (এলইডি) স্ক্রিনে প্রদর্শন করা হবে।

তার্কিশ এয়ারলাইনস অবশ্য এর আগেও ফুটবলের স্পন্সর হয়েছিল। ২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়নশিপে প্রথম কোনো উড়োজাহাজ সংস্থা হিসাবে উয়েফার সহযোগী হয়।

এছাড়াও বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, বরুশিয়া ডর্টমুন্ড, অলিম্পিক মার্সেই ও রিভার প্লেটের মতো অনেক ফুটবল ক্লাবের স্পনসর হয়।