১৩ জুলাই নেপালের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে পরের তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হন সাগরিকা। নিষেধাজ্ঞা কাটিয়ে ১৭ বছর বয়সী স্ট্রাইকার গতকাল ফিরলেন সেই নেপালের বিপক্ষে শিরোপা নির্ধারণী গুরুত্বপূর্ণ ম্যাচে। ফিরেই করলেন চার গোল! তার হ্যাটট্রিকে ভর করে নেপালকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ। গতকাল সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় নেপালের ওপর কর্তৃত্ব করে জিতেছে আফঈদা খন্দকারের দল।
এর মধ্য দিয়ে টানা ছয় ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল পিটার বাটলারের দল। সদ্যই তার অধীনে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার টিকিট পেয়েছে বাংলাদেশ। এবার এল অনূর্ধ্ব-২০ সাফের শিরোপা। সিনিয়র সাফেও টানা দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ।
এ নিয়ে অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২০ পর্যায়ের সাফ চ্যাম্পিয়নশিপে পঞ্চমবারের মতো শিরোপা জিতল বাংলাদেশ। গত বছর সর্বশেষ আসরে ভারতের সঙ্গে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজরা। এর আগে ২০১৮ (অনূর্ধ্ব-১৮), ২০২১ (অনূর্ধ্ব-১৯), ২০২৩ (অনূর্ধ্ব-২০) ও ২০২৪ (অনূর্ধ্ব-১৯) সালে বয়সভিত্তিক সাফ শিরোপা জয় করে বাংলাদেশ।
গত আসরের যুগ্ম চ্যাম্পিয়ন ভারত এবার অংশ নেয়নি। চার দলের এ আসরে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অন্যের বিপক্ষে দুবার করে খেলেছে। গতকালই ছিল শেষ রাউন্ড। বেলা ৩টায় আনুষ্ঠানিকতার ম্যাচে শ্রীলংকাকে ৫-০ গোলে হারায় ভুটান। সন্ধ্যায় বাংলাদেশ-নেপাল ‘ফাইনাল’ ম্যাচে দাপটে জয় তুলে নেয় স্বাগতিক বাংলাদেশ। ৮ মিনিটে সাগরিকার গোলে লিড নেয় বাংলাদেশ। ১-০তে এগিয়ে থেকে প্রথমার্ধের বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতি থেকে ফেরার পর আরো দুর্বার লাল-সবুজ। ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জাতীয় দলের স্ট্রাইকার সাগরিকা। ৬ মিনিট পর তিনি হ্যাটট্রিক পূর্ণ করেন। এরপর ম্যাচের ৭২ মিনিটে নেপালের কফিনে শেষ পেরেক ঠুকে দেন তিনি।
ছয় ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। নেপালের অর্জন ১২ পয়েন্ট, যারা দুই ম্যাচেই বাংলাদেশের কাছে হারল। প্রথম ম্যাচে লড়াই করে ২-৩ গোলে হারলেও গতকাল দাঁড়াতেই পারেনি।
গতকাল ৪ গোল করায় আসরে সাগরিকার নামের পাশে হয়ে গেল ৮ গোল। যদিও নেপালের পূর্ণিমা রায় সর্বোচ্চ ১০ গোল করেছেন। সাগরিকা ৮ গোল করেন মাত্র তিন ম্যাচে। নেপালের মিনা দিউবা করেছেন ৭ গোল। বাংলাদেশের শান্তি মার্ডি ও তৃষ্ণা রানী প্রত্যেকেই করেছেন ৪ গোল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার) পেয়েছেন সাগরিকা।









