প্রতিশ্রুতি মোতাবেক তিনি বড় বাজেটে কিনলেন ১৯ বছর বয়সী উইঙ্গার ইয়ান দিয়োমান্দেকে। জার্মানির লিপজিগ থেকে তাকে দলে ভেড়াল স্প্যানিশ জায়ান্টরা। তার জন্য সব মিলিয়ে খরচ পড়বে প্রায় ১৪ কোটি ইউরো। এছাড়া রিয়াল সমর্থকদের জন্য আরেকটি সুখবর হলো লস ব্লাঙ্কোসদের সঙ্গে ছয় বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন তিনি।

আইভরি কোস্ট তারকার জন্য বোনাস ছাড়া ১০ কোটি ৭০ লাখ পাউন্ড ও বোনাসসহ সর্বোচ্চ ১২ কোটি পাউন্ড (প্রায় ১৪ কোটি ইউরো) পর্যন্ত ব্যয় হবে রিয়ালের। এ চুক্তি সইয়ের পর ইংল্যান্ডের জুড বেলিংহ্যামকে টপকে দিয়োমান্দেই এখন রিয়ালের ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলার! আফ্রিকার ফুটবলারদের মধ্যেও তিনি সবচেয়ে দামি।

২০২৩ সালে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড থেকে বেলিংহামকে দলে নিতে ৮ কোটি ৮৫ লাখ পাউন্ড খরচ করেছিল রিয়াল মাদ্রিদ। এবার সেই রেকর্ড ভেঙে দিয়োমান্দেকে কিনল মাদ্রিদ জায়ান্টরা। ২০১৯ সালে লিল থেকে আইভরি কোস্টের খেলোয়াড় নিকোলা পেপেকে ৭ কোটি ২০ লাখ পাউন্ডে দলে ভিড়িয়েছিল আর্সেনাল, যা ছিল আফ্রিকান রেকর্ড। এবার সেই রেকর্ড ভাঙল দিয়োমান্দের দলবদলে। কিলিয়ান এমবাপ্পের পর দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল কিশোর ফুটবলারও দিয়োমান্দে।

বিশ্বকাপে আলো ছড়িয়ে এবার ইউরোপের সফলতম ক্লাবে নাম লেখালেন দিয়োমান্দে। রিয়ালে সই করার পর জার্মান ক্লাব আরবি লিপজিগকে বিদায় জানিয়ে এ তরুণ ফুটবলার বলেন, ‘আমি অসীম কৃতজ্ঞ। মাত্র এক বছর আগে, যখন আমার পেশাদার ক্যারিয়ারে হাতে গোনা কয়েকটি ম্যাচ ছিল, তখন এ ক্লাব আমার ওপর বিশ্বাস রেখেছিল। নিজেদের আস্থা দিয়ে আমাকে ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে নিজেকে প্রমাণের সুযোগ করে দিয়েছিল। রিয়াল মাদ্রিদে সই করে ছোটবেলার স্বপ্ন পূরণ হলো। চুক্তি থাকার পরও ক্লাব যেভাবে আমার এ স্বপ্ন পূরণে সহযোগিতা করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ।’

২০২৫-২৬ মৌসুমে বুন্দেসলিগায় ১২ গোল ও ৮ অ্যাসিস্ট করেন দিয়োমান্দে। মৌসুম শেষে জেতেন বুন্দেসলিগার বর্ষসেরা নবাগত খেলোয়াড়ের পুরস্কার। সেই পারফরম্যান্সের সুবাদে জায়গা করে নেন আইভরি কোস্টের বিশ্বকাপ দলে। ১৯ বছর ২১২ দিন বয়সে আইভরি কোস্টের ইতিহাসে বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে মাঠে নামেন। আমেরিকার এ আসরে তিনি দুর্দান্ত নৈপুণ্য দেখান।

দিয়োমান্দেকে দলে নিতে আগ্রহী ছিল ইংলিশ ক্লাব লিভারপুল ও ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। লিভারপুল একসময় সরে দাঁড়ায়। তখন পিএসজিই ছিল সবচেয়ে এগিয়ে। দিয়োমান্দের নিজেরও পছন্দ ছিল ফরাসি ক্লাবটি। কিন্তু রিয়াল মাদ্রিদ আলোচনায় নামতেই বদলে যায় পরিস্থিতি। রেকর্ড ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা এ মুহূর্তে আলোচিত ফুটবলারকে ঠিকই লুফে নেয়।

২০৩২ সাল পর্যন্ত রিয়ালে ভিনিসিয়ুস জুনিয়র

বিশ্বকাপ খেলে বান্ধবীকে নিয়ে ছুটি কাটাচ্ছিলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। এ সময় তাকে নিয়ে গুঞ্জন ডালপালা মেলছিল। তার আর্সেনালে যোগ দেয়ার কথা ওঠে। এমনও বলা হচ্ছিল, রিয়াল বলে দিয়েছে, ভিনি চাইলে চলে যেতে পারে। যদিও দিন শেষে সেসব কেবলই গুঞ্জন থাকল। রিয়াল মাদ্রিদের সঙ্গেই চুক্তি নবায়ন করলেন তারকা ফরওয়ার্ড। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩২ সাল পর্যন্ত রিয়ালে থাকছেন তিনি। বৃহস্পতিবার এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

এক বিবৃতিতে স্প্যানিশ জায়ান্টরা জানায়, রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব ও ভিনিসিয়ুস জুনিয়র চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত আমাদের ক্লাবের সঙ্গেই যুক্ত থাকছেন এ খেলোয়াড়।

রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুসের আগের চুক্তির মেয়াদ বাকি ছিল ১২ মাস। ১৮ মাস ধরে ভিনিসিয়ুস ও তার প্রতিনিধিদের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে রিয়ালের আলোচনা চলছিল। একপর্যায়ে কিছুটা অচলাবস্থা তৈরি হলে আর্সেনালকে ঘিরে কথা ওঠে। এরই মধ্যে গত বুধবার রিয়ালের দেয়া নতুন প্রস্তাব পছন্দ হয় এ ফরওয়ার্ডের।

ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গো থেকে ২০১৮ সালে রিয়ালে যোগ দেন ভিনিসিয়ুস। যোগ দেয়ার পর তিনি ক্লাবটির অপরিহার্য এক খেলোয়াড় হয়ে ওঠেন। তিন বছর আগে তিনি চুক্তি নবায়নও করেন। পরিসংখ্যানই তার হয়ে কথা বলবে। রিয়ালে ৩৭৫ ম্যাচ খেলে ১২৮টি গোল করেছেন। জিতেছেন দুটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগা ও একটি কোপা দেল রে শিরোপা। ক্লাবে তার অবদানের স্বীকৃতি হিসেবেই আরো ছয় বছরের জন্য তার চুক্তি নবায়ন করল ইউরোপের সফলতম দলটি।

নতুন কোচ হোসে মরিনহোর অধীনে চলতি দলবদলে পর্তুগালের বের্নার্দো সিলভা, ফ্রান্সের ইব্রাহিমা কোনাতে, নেদারল্যান্ডসের ডেনজেল ডামফ্রিস এবং স্পেনের মার্ক কুকুরেয়া ও কার্লোস এসপিকে দলে টেনেছে রিয়াল। এবার ভিনিকেও লম্বা সময়ের জন্য রেখে দিল মাদ্রিদ জায়ান্টরা। সব মিলে, গ্রীষ্মের দলবদলে ভালোভাবেই নিজের দল গুছিয়ে নিলেন মরিনহো।

লিভারপুল ছেড়ে তুরস্কের ক্লাব ত্রাবজোনস্পোরে সালাহ

ইংলিশ ক্লাব লিভারপুল ছেড়ে তুরস্কের ত্রাবজোনস্পোরে নাম লেখালেন মিসরীয় সুপারস্টার মোহাম্মদ সালাহ। তুর্কি ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তিতে সই করেছেন তিনি।

লিভারপুলে খেলেই সুপারস্টার হয়ে ওঠেন কৃতী ফরওয়ার্ড সালাহ। ৯ বছরে ২৫৭ গোল, প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগসহ প্রায় সব বড় শিরোপা জিতেছেন তিনি। সম্প্রতি তিনি লিভারপুল ছাড়ার ঘোষণা দেয়ার পর থেকেই তার সম্ভাব্য গন্তব্য নিয়ে জোর আলোচনা ছিল। ২০২৩ সালেই তাকে দলে নিতে ১৫ কোটি পাউন্ডের প্রস্তাব দিয়েছিল আল ইত্তিহাদ। কিন্তু শেষ পর্যন্ত সালাহ এমন একটি বিকল্প বেছে নিয়েছেন, যেখানে ইউরোপের প্রতিযোগিতামূলক ফুটবল থাকবে। তুরস্কের ক্লাবটিতে তিনি দুই বছরের চুক্তিতে মৌসুমপ্রতি প্রায় ১ কোটি ৭০ লাখ ইউরো পাবেন। ত্রাবজোনস্পোর ক্লাবটি তার্কিশ স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। ক্লাবটি শেয়ারহোল্ডারদের জানিয়েছে, তার নামে বিক্রি হওয়া পণ্যের ২০ শতাংশ অর্থ পাবেন সালাহ। এছাড়া পারফরম্যান্সভিত্তিক বোনাস তো থাকছেই।

তুরস্কের ক্লাবটিতে যোগ দিয়েই ভালোবাসায় সিক্ত হচ্ছেন সালাহ। রাজকীয় সংবর্ধনায় তাকে স্বাগত জানিয়েছে ত্রাবজোনস্পোরের ভক্ত-সমর্থকরা। সঙ্গে মৌসুমে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪২ কোটি ৮৬ লাখ ২০ হাজার টাকা তো পাবেনই। টাকা-পয়সা ও মানুষের ভালোবাসা পাওয়া সালাহ এবার উপহার হিসেবে জমি পেয়েছেন। বাড়ি করার জন্য তাকে জমি উপহার দিয়েছেন ত্রাবজোনস্পোর আরকলি শহরের মেয়র হুসেইন আভনি কোশকুন চেবি। মেয়র বলেন, ‘আপনাকে আমরা সুন্দর একটি প্লটের জমি উপহার দিচ্ছি। এর মধ্য দিয়ে আমরা আপনার সন্তান ও নাতি-নাতনিদের জন্য এমন একটি সুন্দর জায়গায় রাখব সেটি ভবিষ্যতে বৈশ্বিক জলবায়ুতেও ক্ষতিগ্রস্ত হবে না।’

তুরস্ক ও মিসর সম্পর্কে মেয়র বলেছেন, ‘দেশ দুটির মধ্যে বেশি মিল রয়েছে। দুটো দেশই খুব সুন্দর। কিন্তু মানুষজন দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে।’

ম্যানসিটি ছেড়ে কোথায় যাচ্ছেন রদ্রি

২০২৬ সালের বিশ্বকাপজয়ী স্পেন দলের অধিনায়ক রদ্রিকে চায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তবে মার্কা জানিয়েছে, বার্সাকে এ ব্যাপারে সবুজসংকেত দিয়ে রেখেছেন রদ্রি। এর মধ্য দিয়ে তার রিয়াল মাদ্রিদে নাম লেখানোর সম্ভাবনাও কার্যত শেষ। তার বার্সায় যাওয়াও সহজ হবে না। শুক্রবার বিবিসির খবরে জানানো হয়, বার্সার ৩ কোটি ৮৫ লাখ পাউন্ডের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ম্যানচেস্টার সিটি।

জানা গেছে, রদ্রিকে বিক্রি করতে চায় ম্যানসিটি। তবে তার জন্য অন্তত ৬ কোটি পাউন্ড চায় তারা।

৩০ বছর বয়সী মিডফিল্ডার ইতিহাদে তার চুক্তির শেষ বছরে প্রবেশ করেছেন এবং এখনো নতুন চুক্তিতে সই করেননি। এরই মধ্যে তার দলবদল ঘিরে গুঞ্জন শুরু হয়েছে। তিনি এখন প্রকাশ্যেই বার্সায় যোগ দেয়ার কথা বলেছেন। বার্সার পক্ষ থেকে তাকে সই করানোর আনুষ্ঠানিক প্রচেষ্টা শুরু হয়েছে।

ডাচ খেলোয়াড় ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের চোটের কারণেই রদ্রিকে দলে নেয়ার পরিকল্পনা হাতে নেয় কাতালান জায়ান্ট বার্সেলোনা। রদ্রিকে নিয়ে আগ্রহ ছিল রিয়াল মাদ্রিদেরও। এমনকি রদ্রি ও রিয়ালের মধ্যে প্রাথমিক সমঝোতাও হয়েছিল বলে জানা গেছে। কিন্তু এরই মধ্যে এ রেসে নাম লেখায় বার্সেলোনা। এখন তারাই ফেভারিট।

রদ্রি সাবেক ব্যালন ডি’অরজয়ী ও সদ্যসমাপ্ত বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল জিতেছেন। স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে এবার স্পেনের ক্লাবে ফিরতে চান চৌকস এ মিডফিল্ডার। তবে তিনি মাদ্রিদ, না বার্সেলোনায় পাড়ি জমান, সেটিই এখন দেখার অপেক্ষা।

ক্রিস্টিয়ান রোমেরোকে চায় অ্যাটলেটিকো মাদ্রিদ

টটেনহ্যাম অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরোকে দলে নিতে চায় মাদ্রিদের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। গত আগস্টে স্পার্সদের সঙ্গে চুক্তি করা রোমেরো চলতি গ্রীষ্মেই লন্ডন ছাড়তে চান। ২৮ বছর বয়সী আর্জেন্টাইন ডিফেন্ডারকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে ইতালির ইন্টার মিলানও। এখন দেখার অপেক্ষা তিনি কোন ক্লাবকে বেছে নেন।