চলতি বছর রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল আটটি সিনেমা। তবে এবার ঈদে এর সংখ্যা কমে দাঁড়িয়েছে পাঁচে। এ সিনেমাগুলোর মধ্যে রয়েছে হিমেল আশরাফ পরিচালিত ও শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা, রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’, চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’, সৈকত নাসিরের ‘ক্যাসিনো’, ও বন্ধন বিশ্বাস পরিচালিত সিনেমা ‘লাল শাড়ি’।
এ সিনেমাগুলো মুক্তির আগে থেকেই আলোচনা তৈরি হয়েছিল শাকিব অভিনীত প্রিয়তমা ও নিশো অভিনীত সুড়ঙ্গ নিয়ে। এ দুই সিনেমা মুক্তির পরও দেখা যায় একই চিত্র। দর্শকমহলে দুটি সিনেমাই প্রশংসা পাচ্ছে। শাকিব খানের প্রিয়তমা রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা। আরশাদ আদনানের প্রযোজনায় এর কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। ছবিটিতে আরো অভিনয় করেছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, শহীদ নবী প্রমুখ। একশটির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। মাল্টিপ্লেস ও সিঙ্গেল স্ক্রিনে দাপট দেখাচ্ছে প্রিয়তমা।
রাজধানী ঢাকার অন্যতম পুরনো সিনেমা হল মধুমিতায় চলছে প্রিয়তমা। সিনেমাটি নিয়ে জানতে চাইলে মধুমিতার কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘প্রথম দিন থেকেই দর্শক প্রিয়ত্রমা দেখতে আসছে। আমাদের চারটি শো রয়েছে সিনেমাটির। সময়ের সঙ্গে সঙ্গে আমরা দেখছি দর্শকের সংখ্যা বাড়ছে। মধুমিতায় আসন সংখ্যা ১ হাজার ১০০। বলা যায় প্রায় হাউজফুল যাচ্ছে শোগুলো।’
অন্যদিকে রায়হান রাফীর সুড়ঙ্গ সিনেমাটি দিয়ে দর্শকের প্রশংসা পাচ্ছেন আফরান নিশো প্রথম সিন থেকেই। বড় পর্দায় নিশোর অভিষেক হলো সুড়ঙ্গর মধ্য দিয়ে। এতে নিশোর বিপরীতে আছেন তমা মির্জা।
সিনেমাটি হলে দর্শক টানছে বলে জানিয়েছেন নির্মাতা রায়হান রাফী। এ নিয়ে তিনি জানান, সিনেমাটি প্রথম দিন হাউজফুল গেছে। দর্শকের আগ্রহ দেখে ঈদের দ্বিতীয় দিন স্টার সিনেপ্লেক্সের সব শাখা মিলে সুড়ঙ্গ সিনেমার শোর সংখ্যা বাড়িয়েছে। প্রথমে এর শোর সংখ্যা ১৮ হলেও দ্বিতীয় দিন ৩০ করা হয়েছে।
ঈদের পাঁচ সিনেমা নিয়ে কথা হয় স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদের সঙ্গে। সিনেমাগুলো নিয়ে তিনি বলেন, ‘এবার ঈদের পাঁচটি সিনেমা নিয়েই আমরা ভালো সাড়া পাচ্ছি। শাকিবের প্রিয়তমা ও নিশোর সিনেমা সুড়ঙ্গর দর্শক সংখ্যা বেড়েই চলেছে। শুরু থেকেই দর্শকের আগ্রহ সুড়ঙ্গ নিয়ে। তাদের কথা মাথায় রেখেই বর্তমানে স্টার সিনেপ্লেক্সের সব শাখা মিলে সুড়ঙ্গর ৩০টি শো চলছে। আমাদের সব শাখায় হলিউডের সিনেমার শিডিউল বাতিল করে সুড়ঙ্গর শো বাড়ানো হয়েছে। অন্যদিকে প্রিয়তমার আটটি শো অপরিবর্তিত আছে। প্রহেলিকা সিনেমাটি নিয়েও আমরা ভালো সাড়া পাচ্ছি। এছাড়া ক্যাসিনো নিয়েও দর্শকের আগ্রহ দেখছি।’
দেশের জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীর দ্বিতীয় সিনেমা প্রহেলিকা। এ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ আট বছর পর বড় পর্দায় দেখা মিলল দেশের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের। প্রহেলিকায় মাহফুজ আহমেদের বিপরীতে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। মুক্তির আগে থেকেই সিনেমাটির গান ও ট্রেলারের জন্য সমাদর পাচ্ছিল দর্শকের। মুক্তির প্রথম দিন থেকেই আলোচনা চলছে সিনেমাটি নিয়ে।
অন্যদিকে সৈকত নাসির পরিচালিত ক্যাসিনো সিনেমাটি নিয়েও দর্শকের আগ্রহ কম নয়। এতে অভিনয় করেছেন নিরব, বুবলী ও তাসকিন। এ সিনেমায় ভিন্নভাবে দেখা গেছে নিরবকে। লুক ও অভিনয়ের জন্য দর্শকের প্রশংসা পাচ্ছেন এ অভিনেতা। সিনেমাটির গল্প নিয়ে এরই মধ্যে সামাজিক মাধ্যমে চলছে ইতিবাচক আলোচনা।
এবার ঈদে বৃষ্টি থাকলেও দর্শক বৃষ্টি উপেক্ষা করেই হলে এসে সিনেমা দেখছে বলে জানিয়েছেন দেশের একাধিক হল মালিক ও সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। তাদের মতে, এবারের ঈদে সিনেমার বাজার চলতি বছর রোজার ঈদের থেকে আরো বেশি চাঙ্গা।










