ইরানে হামলা করে মৌচাকে ঢিল ছোড়ার মতো কাণ্ড ঘটিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। এতে ইসরায়েল ছাড়াও তেহরানের লক্ষ্যবস্তু হয়েছে মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো। বাদ পড়েনি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অন্যতম শহরে দুবাই। যার আছর পড়েছে বলিউডের নির্মাতাদের ওপর। শুটিং ও অন্যান্য কারণে শহরটির সঙ্গে তাদের রয়েছে নিয়মিত যোগাযোগ।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পশ্চিম এশিয়ায় নিরাপত্তার কথা ভেবে একের পর এক বলিউডের মেগা প্রজেক্টের শুটিং বাতিল করা হচ্ছে। শাহরুখ খানের ‘কিং’-এর পর এবার অক্ষয় কুমারের মাল্টি-স্টারার ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর দুবাই শিডিউল বাতিল হয়েছে।
পরিচালক আহমেদ খানের নির্দেশনায় ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর একটি বড় অংশের শুটিং দুবাইয়ে হওয়ার কথা ছিল। কিন্তু চলমান সংঘাতের জেরে আকাশপথে যাতায়াত এবং লজিস্টিক সাপোর্টে বড় সমস্যা তৈরি হয়েছে।
ছবির বিশাল কাস্ট ও ক্রুর নিরাপত্তার কথা ভেবেই প্রযোজকরা দুবাইয়ের বদলে ভারতেই শুটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে কাশ্মীরের পেগেলগামে সশস্ত্র হামলাজনিত উত্তেজনাকর পরিস্থিতিতে সিনেমাটির শুটিং বাতিল হয়েছিল। প্রজেক্টটির দেরি হওয়ার পেছনে আর্থিক সংকটের কথাও শোনা যায়।

‘কিং’ চলচ্চিত্রে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন মেয়ে সুহানা খান। ছবি: সংগৃহীত
৯ এপ্রিল থেকে দুবাইয়ে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’-এর শুটিং হওয়ার কথা ছিল, তা এখন মুম্বাইয়ে হবে। মুম্বাইয়ের ভিলে পার্লে ও অন্যান্য স্টুডিওতে বিশাল সেট তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে। অত্যাধুনিক ভিএফএক্স প্রযুক্তির সাহায্য নিয়ে ওইসব দৃশ্যে দুবাইয়ের মরুভূমির ফুটিয়ে তোলা হবে। এ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে রয়েছেন মেয়ে সুহানা খান।










