বাংলা সংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন। যিনি গানের পাশাপাশি একজন রাজনীতিক ও সমাজসেবী। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকার পর গেল বছর দেশে ফিরে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন এই শিল্পী।
সম্প্রতি কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) আয়োজিত ২৪তম সিজেএফবি অ্যাওয়ার্ডে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবী নাজনীন। সংগীতে বিশেষ অবদানের জন্য তাকে ‘বিশেষ সম্মাননা’ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বেবী নাজনীন বলেন, ‘রাজনীতিতে আমি সক্রিয়। ভবিষ্যতে এমন একটি ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চাই যেখানে শিল্পী ও নতুন প্রজন্ম সুন্দরভাবে কাজ করতে পারবে। আমার লক্ষ্য সমাজসেবা করা, সংস্কৃতিকে লালন করা এবং শিল্পীদের নিরাপত্তা দেওয়া। দেশের কালচারকে যদি সমৃদ্ধ না করি, তাহলে দেশও সমৃদ্ধ হবে না।’
তিনি আরও বলেন, ‘আমি নিজেও একজন শিল্পী। তাই চাইবো, নিজের দেশে যেন আমি বা অন্য কোনো শিল্পী ভুক্তভোগী না হই।’ শিল্পীদের মধ্যে বিভাজনের প্রসঙ্গে তিনি বলেন, ‘এই বিভাজন আসে অন্য জায়গা থেকে। যারা কালচারকে ভালোবাসে না তারাই বিভাজন তৈরি করে। শিল্পীরা দেশের সম্পদ, তাদের নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতা থাকা জরুরি।’
রাজনীতি থেকে শিল্প-সাহিত্যকে আলাদা রাখার আহ্বান জানিয়ে বেবী নাজনীন বলেন, ‘শিল্পীরা যেন নির্বিঘ্নে কাজ করতে পারেন, এজন্য তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’ তিনি আরও জানান, বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকার কারণেই আগের সরকার আমলে তার সংগীতজীবনে বারবার বাধা এসেছে।










