হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনার ছায়া অবলম্বনে ‘শনিবার বিকেল’ সিনেমা নির্মাণ করেছেন দেশের খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ২০১৯ সালে সেন্সর বোর্ড প্রথমে সিনেমাটি প্রদর্শনের অনুমতি দিলেও পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসে। এরপর কেটে গেছে প্রায় চার বছর। আজও মুক্তি পায়নি সিনেমাটি। অথচ হলি আর্টিজান বেকারির জঙ্গি হামলার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ভারতীয় সিনেমা ‘ফারাজ’। ৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সিনেমাটি। এটি নির্মাণ করেছেন পরিচালক হংসল মেহতা।
সোমবার বিকালে প্রকাশ হয় ফারাজের ২ মিনিটের ট্রেলার, যা থেকে স্পষ্ট বোঝা যায় ২০১৬ সালের ১ জুলাই রাতে ঢাকার হলি আর্টিজানে ঘটে যাওয়া মর্মান্তিক সন্ত্রাসী হামলার ওপরে নির্মিত হয়েছে সিনেমাটি। ট্রেলারের শুরুতেই দেখানো হয়েছে ঢাকার রাস্তা আর হলি আর্টিজান বেকারি। এরপর ভয়াবহ সে রাতে সন্ত্রাসীদের হামলা, গোলাগুলি। এমনকি জিম্মিদের উদ্ধারে এগিয়ে আসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও রয়েছে এ সিনেমার ট্রেলারে।
ফারাজ মুক্তির তারিখ ঘোষণার পর অপেক্ষা আর হতাশা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বক্তব্য প্রকাশ করেছেন ফারুকী। গতকাল বণিক বার্তার সঙ্গে এ নিয়ে কথা বলেন তিনি। সিনেমাটির ট্রেলার নিয়ে জানতে চাইলে এ নির্মাতা বলেন, ‘আমি অন্য সিনেমার ট্রেলার নিয়ে কিছু বলতে চাই না। কেবল বলতে চাই, আমি বাংলাদেশের একজন মানুষ। দেশে ঘটে যাওয়া একটি ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে একটি সিনেমা নির্মাণ করেছি। যেটি প্রায় চার বছর অন্যায়ভাবে সেন্সর বোর্ডে আটকে আছে। অন্যদিকে আমাদের দেশের ঘটনা নিয়ে এ মানুষগুলোকে হিন্দিতে কথা বলিয়ে একটা সিনেমা নির্মাণ হয়েছে অন্য একটা দেশে। সেটি আগামী ৩ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে।’
শনিবার বিকেল সিনেমাটির মুক্তি নিয়ে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আমাদের সিনেমায় হলি আর্টিজানের ঘটনা দেখানো হয়নি। হলি আর্টিজান কিংবা এর কোনো চরিত্র আমার সিনেমায় নেই। অন্যদিকে ট্রেলার দেখে বোঝা যাচ্ছে ফারাজ সিনেমায় হলি আর্টিজান, ফারাজ এবং ওই ঘটনার অন্য চরিত্রগুলো রয়েছে। ফারাজ সিনেমাটা মুক্তির পর এ ঘটনা পর্দায় দেখতে পারব। কিন্তু আমার দেশে বসে আমি যে সিনেমা নির্মাণ করব, সেটা দেশের মানুষ দেখতে পারবে না। আমি মনে করি এটা কেবল বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি নয় বরং বাংলাদেশের সব মানুষের আত্মমর্যাদার প্রশ্ন।’
এ নিয়ে ফারুকী আরো বলেন, ‘আমি মনে করি শনিবার বিকেল সেন্সর বোর্ডে আটকানোর মাধ্যমে যে ভুল হয়েছে, এখনো সময় আছে দ্রুত সেটি সংশোধন করার।’
২০১৮ সালে শনিবার বিকেলের শুটিং শুরু হয়। সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, তিশা, ইরেশ যাকের, মামুনুর রশীদ প্রমুখ। ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি ও কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় রয়েছেন এতে। আন্তর্জাতিক মহলে একাধিক পুরস্কার জিতে নিয়েছে শনিবার বিকেল। মস্কোয় দুটি ইনডিপেনডেন্ট জুরি পুরস্কার পেয়েছে এটি। দেশের বাইরে একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। গত অক্টোবরে বিশ্বের জনপ্রিয় গণমাধ্যম হলিউড রিপোর্টারে সিনেমাটি নিয়ে রিভিউ আকারে ইতিবাচক আলোচনা হয়েছে।
মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত এ সিনেমার বিষয়ে শুনানির দিন ২১ জানুয়ারি ধার্য করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর আপিল কমিটি। এদিন বিষয়টির সমাধান করতে সাত সদস্যের সেন্সর আপিল কমিটি সিনেমা নির্মাতা ও–প্রযোজকের বক্তব্য শুনবে। এর পরই সিনেমাটি নিয়ে নিজেদের মতামত জানাবেন আপিল কমিটির সদস্যরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে শনিবারের বিকেল মুক্তির দাবি জানাচ্ছেন সিনেমা নির্মাতা, তারকা ও সিনেমাপ্রেমীরা। এখন দেখার পালা ফারাজ মুক্তির আগে শনিবার বিকেল সিনেমার বিষয়ে কোনো ইতিবাচক সিদ্ধান্ত আসে কিনা।










