স্টিভেন স্পিলবার্গ আরেকটি নতুন সিনেমা নিয়ে এলেন। নাম ‘ডিসক্লোজার ডে’। সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। প্রথমত, প্রায় সাড়ে তিন বছর পর মুক্তি পাচ্ছে স্পিলবার্গের সিনেমা। দ্বিতীয়, এবার সাই-ফাই ঘরানার গল্প নিয়ে এসেছেন তিনি। সব মিলিয়ে ‘ডিসক্লোজার ডে’ বিশেষ হয়ে উঠেছে। সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে আগামীকাল। সেই সঙ্গে মুক্তি পাচ্ছে বাংলাদেশেও। স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে ‘ডিসক্লোজার ডে’।

দীর্ঘদিন ধরে স্পিলবার্গ তুলনামূলকভাবে ব্যক্তিগত ও সংবেদনশীল গল্পে মন দিয়েছেন। দ্য ফেবলম্যানস-এ তিনি নিজের বেড়ে ওঠার গল্প বলেছেন। ‘ওয়েস্ট সাইড স্টোরি’তে ক্ল্যাসিক মিউজিককে নতুনভাবে উপস্থাপন করেছেন। এবার তিনি ফিরে এসেছেন তার সেই পুরোনো পরিচিত ময়দানে, যেখানে রহস্য, প্রযুক্তি, বিস্ময় আর অজানার আকর্ষণ একসঙ্গে কাজ করে। ‘ডিসক্লোজার ডে’র কাহিনী পুরোপুরি প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, এটি ভিনগ্রহের প্রাণী, তাদের পৃথিবীতে আগমন এবং সেই সত্যকে আড়াল করার এক বিশাল সরকারি ষড়যন্ত্রকে কেন্দ্র করে নির্মিত।

সিনেমায় এমিলি ব্লান্ট অভিনয় করেছেন এক আবহাওয়া সংবাদকর্মীর ভূমিকায়। তার সঙ্গে ভিনগ্রহের আগন্তুকদের রহস্যময় যোগাযোগ রয়েছে। জশ ও’কনরকে দেখা যাবে এমন এক চরিত্রে, যিনি প্রমাণ হাতে পেয়েছেন যে মানুষের সঙ্গে অন্য জগতের যোগাযোগ এরই মধ্যে ঘটেছে। অন্যদিকে কলিন ফার্থ ক্ষমতাধর এক প্রশাসনিক ব্যক্তি, যিনি এই সত্য গোপন রাখতে যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ডেভিড কোয়েপ, যিনি আগে স্পিলবার্গের সঙ্গে ‘জুরাসিক পার্ক’-এ কাজ করেছেন।