বহুল প্রতীক্ষিত ‘ব্ল্যাক প্যান্থার’ সিরিজের তৃতীয় কিস্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মার্ভেল স্টুডিওস। সিনেমাটি মুক্তি পাবে ২০২৮ সালের ১৫ ডিসেম্বর। আর নতুন ব্ল্যাক প্যান্থার হিসেবে দেখা যাবে ব্রিটিশ অভিনেতা ডেভিড জনসনকে, প্রিন্স টি’চালা-২ চরিত্রে অভিনয় করবেন তিনি। খবর ভ্যারাইটি।

যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোয় অনুষ্ঠিত মার্ভেলের কমিক-কনে এ ঘোষণা দেয়া হয়। সিনেমাটি পরিচালনা করবেন আগের দুই কিস্তির পরিচালক রায়ান কুগলার। এছাড়া শুরি চরিত্রে লেটিশিয়া রাইট এবং এম’বাকু চরিত্রে উইনস্টন ডিউক আবারো ফিরছেন।

নতুন ছবির গল্প আবর্তিত হবে টি’চালা ও নাকিয়ার ছেলে প্রিন্স টি’চালা-২-কে ঘিরে। ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’-এ শিশুচরিত্র হিসেবে প্রথম দেখা যাওয়া টি’চালা-২ এবার বড় হয়ে নতুন ব্ল্যাক প্যান্থারের দায়িত্ব গ্রহণের পথে এগোবে।

২০২০ সালে মাত্র ৪৩ বছর বয়সে কোলন ক্যান্সারে মারা যান প্রথম ‘ব্ল্যাক প্যান্থার’ তারকা চ্যাডউইক বোসম্যান। এর পর ২০২২ সালের ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’-এ শুরি নতুন ব্ল্যাক প্যান্থারের দায়িত্ব নেন। একই ছবিতে টি’চালা ও নাকিয়ার ছেলের পরিচয়ও দর্শকদের সামনে তুলে ধরা হয়।

ডেভিড জনসন সম্প্রতি ‘এলিয়েন: রোমুলাস’ এবং স্টিফেন কিংয়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দ্য লং ওয়াক’ ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।

এর আগে ২০২৩ সালে লেটিশিয়া রাইট জানিয়েছিলেন, ‘ব্ল্যাক প্যান্থার’ সিরিজের তৃতীয় কিস্তির কাজ পরিকল্পনার পর্যায়ে রয়েছে। তার ভাষায়, ‘ওয়াকান্ডা ফরএভার’ মুক্তির পর কিছুটা বিরতি নিয়ে পরিচালক রায়ান কুগলার নতুন ছবির প্রস্তুতিতে ফিরবেন।

২০১৮ সালে মুক্তি পাওয়া প্রথম ‘ব্ল্যাক প্যান্থার’ বিশ্বব্যাপী ১৩০ কোটি ডলার আয় করে। এটি সাতটি অস্কারের মনোনয়ন পায় এবং সেরা কস্টিউম ডিজাইন, প্রডাকশন ডিজাইন ও মৌলিক সঙ্গীত বিভাগে অস্কার জেতে। সুপারহিরো ঘরানার চলচ্চিত্র হিসেবে এটিই প্রথম সেরা চলচ্চিত্র বিভাগে অস্কারের মনোনয়ন পেয়েছিল।

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ বিশ্বব্যাপী ৮৫ কোটি ৯০ লাখ ডলার আয় করে। ছবিটি পাঁচটি অস্কারের মনোনয়ন লাভ করে। অ্যাঞ্জেলা ব্যাসেটের সেরা পার্শ্ব অভিনেত্রীর মনোনয়ন মার্ভেল চলচ্চিত্রের কোনো অভিনেতার জন্য প্রথম একাডেমি অ্যাওয়ার্ড মনোনয়ন হিসেবে ইতিহাস গড়ে।

অবশ্য ব্ল্যাক প্যান্থার চরিত্রে লেটিশিয়া রাইটকে দেখা যাবে মার্ভেলের আসন্ন ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ চলচ্চিত্রে, এটি চলতি বছরের ১৮ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।