এবার প্রথমবারের মতো বড় পর্দায় চিত্রনায়িকা হিসেবে আত্মপ্রকাশ করলেন তিনি। গতকাল দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার অভিনীত প্রসূন রহমান পরিচালিত সিনেমা ‘শেকড়’।

সিনেমায় তিনি অভিনয় করেছেন ‘ফাল্গুনী’ চরিত্রে, তার বিপরীতে আছেন এফএস নাঈম। অভিবাসী মানুষের আত্মপরিচয়ের সংকট ও শেকড়ের সন্ধানের গল্প নিয়ে তৈরি সিনেমাটি। নির্মাতার ভাষায় মানুষ, মাটি ও স্মৃতির অদৃশ্য বন্ধনের এক আবেগঘন ভাষ্য ফুটে উঠেছে সিনেমায়।

অভিনেত্রী বলেন, ‘শেকড় আমার ক্যারিয়ারের খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। অবশেষে সিনেমাটি মুক্তি পেয়েছে, শেষ হয়েছে দীর্ঘ অপেক্ষার। দর্শক সিনেমাটি হলে গিয়ে দেখবেন, এটাই আমার প্রত্যাশা। আমি বিশ্বাস করি, গল্প আর চরিত্র—দুটিই তাদের ভালো লাগবে।’

তিনি আরো বলেন, ‘প্রতিটি চলচ্চিত্রেরই একটি নিজস্ব যাত্রা থাকে। নির্মাতার হাত ধরে সেই যাত্রা শুরু হলেও দর্শকের কাছে পৌঁছানোর মধ্য দিয়েই তা পূর্ণতা পায়। একজন শিল্পী হিসেবে আমি আন্তরিকতার সঙ্গে একটি গল্প বলার চেষ্টা করেছি। সেই গল্প দর্শকের হৃদয়ে পৌঁছতে পারছে কিনা সেটি এবার তাদের কাছেই জানতে চাই।’

শেকড়ের পর নতুন কাজে যুক্ত হওয়ার পরিকল্পনা আপাতত নেই আইশার। তিনি বলেন, ‘আমি এখনো শিখছি, ভুল করছি, আবার সেই ভুল থেকেই নিজেকে গড়ে তুলছি। যখন আবার পর্দায় ফিরব, চাই আরো পরিণত একজন অভিনেত্রী হিসেবে ফিরব। আমি থিয়েট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি, তাই প্রতিদিনই শিখছি। প্রতিটি চরিত্র আমাকে নতুন করে ভাবতে শেখায়। এ শেখার পথটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।’