অনেকেই বলছেন, সময়টা সাফা কবিরের ক্যারিয়ারের ইউটার্ন। অভিনয়ে নিজেকে আরো কীভাবে ভালোভাবে উপস্থাপন করা যায়, তা নিয়েও প্রতিনিয়ত ভাবছেন তিনি। প্রতিটি চরিত্রে অভিনয়ের আগে গল্পের গভীরে ঢুকে বোঝার চেষ্টা করেন চরিত্রটি কতটা দর্শকের মনে পৌঁছতে পারবে। এ ভাবনা থেকেই তিনি এখন স্ক্রিপ্ট বাছাইয়ের ক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি সতর্ক।
সাফা কবির বলেন, ‘আমার সব ভাবনা আসলে দর্শককে ঘিরে। কারণ দর্শকের কথা মাথায় রেখেই আমি প্রতিটি নাটকে কাজ করি। এখনো একটি স্ক্রিপ্ট যখন আসে, চেষ্টা করি তা ভালোভাবে পড়ে তারপর সিদ্ধান্ত জানাতে। এখন আগের চেয়ে গল্প নির্বাচনে ও চরিত্র নির্বাচনে আমি আরো বেশি সিরিয়াস।’
নাটক প্রচারের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকের কাছ থেকে মেলে অজস্র প্রতিক্রিয়া, যা তাকে প্রতিটি কাজের প্রতি আরো যত্নশীল হতে অনুপ্রাণিত করে। এ বিপুল সাড়াকে তিনি দেখেন নাটকের গল্পের সঙ্গে দর্শকের নিজস্ব জীবনের যোগসূত্র হিসেবে।
সাফা বলেন, ‘এরই মধ্যে যতগুলো নাটক প্রচারে এসেছে প্রতিটি নাটকের জন্যই আমি অভূতপূর্ব সাড়া পাচ্ছি। নাটক তো আমাদের জীবনেরই দর্পণ। দর্শক নাটকে তাদের নিজেদের জীবনের গল্প খুঁজে পায়।’
অভিনেত্রী জানান সামনে আরো ভালো কিছু কাজ আসবে, সে নাটকগুলো নিয়েও তার প্রত্যাশা অনেক।










