ফ্রান্সপ্রবাসী সংগীতশিল্পী জয়া বর্মণ ও সংগীতশিল্পী সমরজিৎ রায়ের কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন মৌলিক গান ‘মনঘুড়ি’। ৫ সেপ্টেম্বর সমরজিৎ রায়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। পাশাপাশি অ্যাপল মিউজিক, স্পটিফাইসহ বিভিন্ন আন্তর্জাতিক অনলাইন মিউজিক প্লাটফর্মেও শোনা যাচ্ছে গানটি।
রোমান্টিক ঘরানার বাংলা আধুনিক গানটির কথা লিখেছেন সঞ্জয় রায়। সুর ও সংগীতায়োজন করেছেন সমরজিৎ রায়। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিওর কাজও সম্পন্ন হয়েছে।
নিজের প্রথম মৌলিক গান প্রকাশের অনুভূতি জানিয়ে জয়া বর্মণ বলেন, ‘গানটি খুব মিষ্টি। আমার ভারি পছন্দের। ঠিক এমন একটি গান ও কম্পোজিশনের অপেক্ষায় ছিলাম এত দিন। সমরজিৎ দা অসাধারণ কম্পোজিশন করেছেন। পাশাপাশি সঞ্জয় দা খুব ভালো লিরিক লিখেছেন। সব মিলিয়ে গানটি আমাদের সবার খুব প্রিয়। গানটি নিয়ে আমরা অনেক আশাবাদী। আশা করি, শ্রোতাদেরও খুব ভালো লাগবে।’
গানটি প্রসঙ্গে সমরজিৎ রায় বলেন, ‘আমি চেষ্টা করেছি শ্রোতাদের জন্য খুব চমৎকার একটি গান উপহার দেয়ার। ভীষণ মিষ্টি কথা ও সুরের রোমান্টিক দ্বৈত কণ্ঠের এ গান আশা করছি সবারই অনেক পছন্দ হবে।’
‘মনঘুড়ি’ গানটিতে রোমান্টিক কথার সঙ্গে সুর ও দুই শিল্পীর দ্বৈত কণ্ঠের সমন্বয় ঘটেছে। গানটি প্রকাশের পর থেকেই দেশ-বিদেশের শ্রোতারা বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে গানটি শুনতে পারছেন।
সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন জয়া বর্মণ। এ সময় গান ও মিউজিক ভিডিওর রেকর্ডিংয়ের পাশাপাশি দেশের কয়েকটি টেলিভিশন চ্যানেলে একক সংগীত পরিবেশন করেন তিনি। প্যারিস প্রবাসী এ শিল্পীর বাংলা লোকসংগীতচর্চা নিয়েও দেশের বিভিন্ন দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়ায় সাক্ষাৎকার ও সচিত্র ফিচার প্রকাশিত হয়েছে।










