তরুণ চলচ্চিত্র নির্মাতা যুবরাজ শামীম। তার নির্মিত প্রথম সিনেমা ‘আদিম’। সিনেমাটির জন্য আন্তর্জাতিক মহলে সমাদৃত এ নির্মাতা। গত বছর ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে অংশ নেয় ‘আদিম’। এ উৎসবে সিলভার সেন্ট জর্জ অ্যাওয়ার্ড ও নেটপ্যাক সম্মাননা অর্জন করে নেয় সিনেমাটি। বছর ঘুরতেই সে উৎসবে আবারো ডাক পান যুবরাজ শামীম। তবে এবার নিজের সিনেমার জন্য নয়, বরং মস্কোর ৪৫তম চলচ্চিত্র উৎসবের আসরে বিচারকের দায়িত্ব পালন করেছেন যুবরাজ শামীম।
উৎসবে প্রতিযোগিতা বিভাগে থাকা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো বিচার-বিশ্লেষণের দায়িত্ব যাদের ওপর ছিল, তাদের একজন যুবরাজ শামীম। এ বছর ২০ এপ্রিল শুরু হয়েছিল চলচ্চিত্র উৎসবটির, পর্দা নামে গত ২৭ এপ্রিল। আর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর প্রদর্শনী হয় গত ২৫ ও ২৬ এপ্রিল। উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রণে যুবরাজ মস্কো যান গত ২৪ এপ্রিল।
দেশে ফিরেই আদিম নির্মাতা নতুন খবর দিলেন। তিনি বলেন, ‘বুলগেরিয়ার ৩১তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল লাভ ইজ ফোলির ইন্টারন্যাশনাল কমপিটিশন বিভাগে আদিম মনোনীত হয়েছে। চলচ্চিত্র উৎসবটি ২৫ আগস্ট শুরু হবে। এবং উৎসবটির পর্দা নামবে ৩ সেপ্টেম্বর। উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রণে আমি উৎসবটিতে উপস্থিত থাকব। মস্কোর পর পরবর্তী সময়ে কোথাও আমি সে অর্থে আদিম সাবমিট করিনি। আমি মূলত সিনেমা রিলিজ প্রক্রিয়া নিয়েই ব্যস্ত থেকেছি। তবুও চলচ্চিত্র সার্কিটের বদৌলতে পৃথিবীর বিভিন্ন চলচ্চিত্র উৎসবে আদিমের যাত্রা অব্যাহত রয়েছে। আদিম কীভাবে এ চলচ্চিত্র সার্কিটে অন্তর্ভুক্ত হলো, এ নিয়ে শিগশিরই বিস্তর কথা হবে।’
সিনেমাটি আন্তর্জাতিক মহলে সাড়া ফেললেও এখনো মুক্তির অপেক্ষায় আছে দেশের প্রেক্ষাগৃহে। গত বছরের ডিসেম্বরে এটি বিনা কর্তনে সেন্সর সার্টিফিকেট পেয়েছে। ১২ মে বড় পর্দায় সিনেমাটি মুক্তির কথা ছিল। তবে প্রচারণার কারণে সিনেমাটির মুক্তি পিছিয়েছেন যুবরাজ শামীম। এ নিয়ে তিনি বলেন, ‘আমি দুদিন আগেই দেশে ফিরেছি। ১২ মে আদিম রিলিজ হওয়ার কথা ছিল। কিন্তু এত অল্প সময়ে সিনেমার প্রচারণা সম্ভব নয় ভেবে আমরা মুক্তির তারিখ পিছিয়েছি। দেশের মাটিতে এর মুক্তির তারিখ আমরা শিগগির জানিয়ে দেব। আমি আমার মতো করে সিনেমাটি নির্মাণ করেছি। দর্শক এটা দেখলে আমার অবশ্যই ভালো লাগবে। আমি খুব সহজ-সরলভাবে সিনেমাটা নির্মাণ করেছি, দর্শকের আগ্রহ থাকলে তারা হলে গিয়ে দেখবে।’
গত নভেম্বরে কুইন্স ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের সেরা সিনেমার পুরস্কার জিতেছে আদিম। সর্বশেষ আদিম দিল্লির ‘হ্যাবিটেড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিত হয়েছে।
আদিমের গল্প নিয়ে বলতে গিয়ে যুবরাজ শামীম বলেন, ‘২০১৭ সালে আদিমের কাজ শুরু করি। আমি মূলত স্বাধীনভাবে কাজ করতে চাই। আমি নিয়মিত রেলস্টেশনে গিয়ে সময় কাটাই অনেক আগে থেকেই। স্টেশনের সাধারণ মানুষগুলোকে আমার খুব ভালো লাগত। সিনেমায় আমরা যা দেখি, বাস্তবে স্টেশন চত্বরের মানুষগুলোর সুখ-দুঃখের গল্প অন্য রকম। আমি তাদের সঙ্গে মিশতাম, তাদের জীবনের নানা ঘটনার গল্প শুনতাম। সেখান থেকেই আদিমের গল্প শুরু। এছাড়া মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘প্রাগৈতিহাসিক’ উপন্যাসের ভিখু চরিত্র আমাকে প্রভাবিত করেছে। আমি যখন গল্পটা পড়ি, তখন ভিখু চরিত্রের প্রতি আমার অন্য রকম ভালো লাগা তৈরি হয়। স্টেশনে যখন আমি বসে থাকতাম, তখন আমার ভিখুর কথা মনে হতো। এ সব মিলিয়ে তখন গল্প চিন্তা করি।’
আদিমের কাজ করতে গিয়ে নানা আর্থিক জটিলতার মধ্য দিয়ে গেছেন এ নির্মাতা। সিনেমাটির নির্মাণ বিষয়ে অর্থায়নের জন্য ফেসবুকে পোস্ট দিয়ে, এর শেয়ার বিক্রি করে ২০১৮ সালে শুটিং শুরু হয়েছিল। এ সিনেমার গল্প টঙ্গীর ব্যাংকের মাঠবস্তির বাসিন্দাদের নিয়ে। এতে অভিনয়ও করেছেন বস্তির বাসিন্দারাই। গল্পটি নিখুঁতভাবে তুলে ধরতে সাত মাস বস্তিতে ছিলেন যুবরাজ শামীম। আদিমের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাদশা, দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা। সাউন্ড ও কালারে সুজন মাহমুদ।










