তিনটি প্রধান চরিত্রে আছেন তৌসিফ মাহবুব, কেয়া পায়েল ও মালাইকা চৌধুরী। ক্যামিও করেছেন আবু হোরায়রা তানভীর। তিনি স্ক্রিন শেয়ার করেছেন মালাইকা চৌধুরীর সঙ্গে। নাটকে ক্যামিওর চল খুব বেশি না হলেও এ সময় বেশকিছু নাটকে জনপ্রিয় অভিনেতাদের ক্যামিও দিতে দেখা যায়।

আমার রাজ্যে তুমিতে বৃষ্টি চরিত্রে অভিনয় করেছেন মালাইকা। গল্পে বৃষ্টিকে দেখতে আসে পাত্রপক্ষ। পাত্রের চরিত্রেই অভিনয় করেছেন তানভীর। মাত্র ৪ মিনিট স্ক্রিনে ছিলেন। কিন্তু এ অল্প সময়েই আবু হোরায়রা তানভীর দারুণ অভিনয় করেছেন। এখান থেকেই গল্প মোড় নেয়। কিন্তু ওই ৪ মিনিটেই মালাইকা ও তানভীরের অভিনয়ে একটা রসায়ন ধরা পড়েছে।

মাশরিকুল আলম বলেন, ‘তানভীর আমার স্কুল জীবনের বন্ধু। নাটকটা করার সময় হুট করেই বলেছিলাম, একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করে দিতে হবে। কী করতে হবে, কেমন গল্প—কিছুই জিজ্ঞেস করেনি। এভাবেই এ নাটকে তানভীরের যুক্ত হওয়া। প্রায় কোনো প্রস্তুতি ছাড়াই কাজটা করেছে। সেটাও হয়েছে চমৎকার।’

আবু হোরায়রা তানভীর বলেন, ‘গল্পে আমার চরিত্রটির উপস্থিতি অল্প সময়ের জন্য হলেও গুরুত্বপূর্ণ। শুধু বন্ধু মাশরিকুলের জন্য নয়, আমার পেশাগত দায়িত্ববোধের জায়গা থেকেই আমি এ নাটকে অভিনয় করেছি। নাটকটি দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে, এটাই অনেক ভালো লাগার।’