বিটিভিতে ফিরলেন বেবী নাজনীন, তাও দুই দশক পর। এবার ঈদের একক সংগীতানুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। ‘প্রিয়তম একটু শোনো’ শিরোনামে একক সংগীতানুষ্ঠানের জন্য ৮টি গান রেকর্ড করেছেন।

তালিকায় রয়েছে— ‘দু চোখে ঘুম আসেনা’, ‘কাল সারারাত’, ‘মধুচন্দ্রিমা এই রাতে’, ‘সারা বাংলায় খুঁজি তোমারে’, ‘দারুণ বরষায় নদী’, ‘প্রিয়তম একটু শোনো’ ও ‘বন্ধু তুমি কই’। এর পাশাপাশি রেকর্ড করা হয়েছে ‘খোলা হাটের বালুচরে’ শিরোনামে একটি আঞ্চলিক বিয়ের গান।

অনুষ্ঠানে বৈচিত্র্য আনতে কবিরুল ইসলাম রতনের পরিচালনায় তিনটি গানে আলাদাভাবে কোরিওগ্রাফি করা হয়েছে। অনুষ্ঠানটির নির্বাহী প্রযোজকের দায়িত্বে ছিলেন আফরোজা সুলতানা।

এই আয়োজন নিয়ে শিল্পী বেবী নাজনীন বলেন, ঈদ উৎসবকে আনন্দময় করে তুলতেই দর্শক-শ্রোতার প্রিয় কিছু গান দিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। নির্মাণেও আছে নান্দনিকতার ছাপ। সব মিলিয়ে অনুষ্ঠানটি অনেকের ভালো লাগবে বলেই আশা করছি।

দুই দশক পর বিটিভিতে ফেরা নিয়ে এই শিল্পী আরো বলেন, বিটিভি শুধু রাষ্ট্রীয় টিভি চ্যানেলই নয়, এটি বহু শিল্পী ও তারকার আতুঁরঘর। এখানে ফেরা অন্যরকম এক ভালো লাগার অনুভূতি। এখন আমার একটাই চাওয়া— প্রতিটি শিল্পী যেন স্বাধীনভাবে প্রচারমাধ্যমগুলোয় নিজস্ব সৃষ্টি ও প্রতিভা তুলে ধরার সুযোগ পান।

বিটিভির পাশাপাশি বিভিন্ন চ্যানেলের আরও কয়েকটি ঈদ অনুষ্ঠানে দেখা যাবে বেবী নাজনীনকে। এরইমধ্যে তিনি জিটিভির ‘টাইমলাইন বাংলাদেশ’ ও একাত্তর টিভির জীবনীভিত্তিক একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। শিগগিরই যমুনা টিভির ‘যমুনার নিমন্ত্রণে’ অনুষ্ঠানে অংশ নেবেন।