গতকালের দুপুরবেলা। চারদিকে কোলাহল। শুটিং ইউনিটের সবারই তখন ত্রাহি ত্রাহি অবস্থা। সতর্ক দৃষ্টি নিয়ে তাদের প্রত্যেকে অপেক্ষা করছেন কখন নির্মাতা বলে উঠবেন লাইট-ক্যামেরা-অ্যাকশন। এমন এক পরিস্থিতির মধ্যেই টকিজের মুখোমুখি অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। বোঝাই যাচ্ছিল, খানিক বাদের শুটিং নিয়ে এ অভিনেত্রীও দারুণ ব্যস্ত। তার পরও পেশাদারিত্বের জায়গা থেকে সব প্রশ্নের উত্তর দিলেন হাসিমুখে। জানালেন, আগুনপাখি নামের একটি ধারাবাহিকের শুটিং নিয়েই এ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন তিনি।
ধারাবাহিকটি কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের আগুনপাখি উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হচ্ছে। সমাজ, রাজনীতি, ইতিহাস ও দেশভাগ নিয়ে মূলত এ উপন্যাস। এ উপন্যাসে একজন নারীর বয়ানে লেখক সাতচল্লিশের আগে অখণ্ড ভারতের উত্থান-পতন, বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশভাগের কথা তুলে ধরেছেন। এ উপন্যাস মূলত তার মা আমেনার জীবনকাহিনী নিয়ে লেখা। উপন্যাসের সেই কেন্দ্রীয় আমেনা চরিত্রে অভিনয় করছেন মৌটুসী বিশ্বাস।
ধারাবাহিকটিতে অভিনয়ের প্রস্তুতি নিয়ে কথা হয় এ অভিনেত্রীর সঙ্গে। এ ধারাবাহিকে অভিনয়ের জন্য অনেক পরিশ্রম করছেন মৌটুসী। এমনকি শুটিং শুরুর আগে পুরো উপন্যাসটিই পড়ে শেষ করেছেন তিনি। বলা যায়, প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছেন। আগুনপাখি ধারাবাহিকে কাজ করতে কেমন লাগছে—প্রশ্নের উত্তরে মৌটুসী বিশ্বাস বলেন, ‘নাটকটি
এখনো অনএয়ারে যায়নি। আমি কয়েকদিন ধরে শুটিং করছি। পেশাগত জায়গা থেকে দায়িত্বের সঙ্গে কাজটি করার চেষ্টা করছি।’ কাজটি ভালোভাবে করার জন্য আগুনপাখির পুরো টিম প্রচণ্ড পরিশ্রম করছে বলেও জানান তিনি। ধারাবাহিকটির পরিচালনায় আছেন পারভেজ আমিন। এটি প্রচার করা হবে দীপ্ত টিভিতে।
আগুনপাখি ধারাবাহিকের মাধ্যমে দর্শকরা আবার টেলিভিশনে নাটক দেখতে আগ্রহী হবেন বলে আশা প্রকাশ করেছেন মৌটুসী। তিনি বলেন, ‘আমি
আশা করছি, আগুনপাখি ধারাবাহিকটি দর্শকদের ভালো লাগবে। অনেক দর্শক আছেন, যারা গোছানো গল্প না থাকার কারণে এখন নাটক দেখতে চান না। কিন্তু আমি বলব, আগুনপাখি ধারাবাহিকের মাধ্যমে দর্শক আবার টেলিভিশনে নাটক দেখতে আগ্রহী হবেন।’
এ ধারাবাহিকটি ঘিরে মৌটুসী বিশ্বাসের ব্যস্ততার শেষ নেই। এর শুটিংয়েই বেশি সময় দিতে হচ্ছে এ অভিনেত্রীকে। বর্তমানে তার অভিনীত ধারাবাহিক নাটক শহর আলী এনটিভিতে প্রচারিত হচ্ছে। নাটকটি পরিচালনা করেছেন এজাজ মুন্না। শিগগিরই আরো একটি নতুন ধারাবাহিকের শুটিং শুরু করবেন তিনি। এসবের বাইরে অন্য কোনো কাজে সময় দেয়া তার জন্য কষ্টকর বলে জানান এ অভিনেত্রী। তাই অন্য কাজে খুব একটা সময় দিচ্ছেন না।










