ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০২৪) ঘোষিত হয়েছে অনেক আগেই। গতকাল গুজরাতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবারই প্রথম দিল্লির বাইরে আয়োজিত হলো অনুষ্ঠানটি। ২০২৪ সালে মুক্তি পাওয়া সিনেমার জন্য এই পুরস্কার দেয়া হয়।

‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ের পর আবেগঘন বার্তা দিয়েছেন কার্তিক আরিয়ান। ছোট শহর থেকে জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা হয়ে ওঠার দীর্ঘ পথের কথা স্মরণ করে তিনি এই সম্মান উৎসর্গ করেছেন তার পাশে থাকা প্রত্যেক মানুষকে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ শেয়ার করে কার্তিক লেখেন, ‘আজ স্নেহ আর হাসি নিয়ে ফিরে তাকাচ্ছি গ্বালিয়রের সেই মায়ের আদরের ছেলেটির দিকে, যে এমন এক পরিবেশে অভিনেতা হওয়ার স্বপ্ন দেখার সাহস করেছিল, যেখানে মানুষ এমন স্বপ্ন দেখে হেসে নিজের জীবনে এগিয়ে যায়।’

এদিকে ‘ব্রহ্মযুগ’ সিনেমায় অভিনয়ের জন্য কার্তিক আরিয়ানের সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছেন মামুত্তি। পুরস্কার গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ আবেগঘন বার্তা দেন বর্ষীয়ান এই অভিনেতাও। তিনি জানান, এই সম্মান তিনি আজীবন সযত্নে মনে রাখবেন। বছরের পর বছর তার কাজ দেখেছেন, সমর্থন করেছেন, উদ্‌যাপন করেছেন এবং তার অভিনয়ের সঙ্গে নিজেদের যুক্ত করেছেন—এমন প্রত্যেক দর্শকের উদ্দেশে পুরস্কারটি উৎসর্গ করেন তিনি।

মামুত্তি লেখেন, ‘৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পাওয়া এমন এক সম্মান, যা আমি আজীবন সযত্নে মনে রাখব। বছরের পর বছর যারা আমার কাজ দেখেছেন, সমর্থন করেছেন, উদযাপন করেছেন এবং আমার কাজের সঙ্গে নিজেদের যুক্ত করেছেন, এই মুহূর্তটি যতটা আমার, ততটাই আপনাদেরও। এই যাত্রার অংশ হয়ে থাকার জন্য ধন্যবাদ। হৃদয়ের সমস্ত ভালোবাসা—মামুত্তি।’

পুরস্কারজয়ীরা

সেরা সিনেমা: আর্টিকেল ৩৭০

সেরা অভিনেতা: (যৌথভাবে) মামুত্তি ও কার্তিক আরিয়ান

সেরা অভিনেত্রী: ইয়ামি গৌতম

সেরা পরিচালক: রাজকুমার পেরিয়াস্বামী

সেরা পার্শ্ব অভিনেতা: সঞ্জয় মিশ্র

সেরা পার্শ্ব অভিনেত্রী: রূপশ্রী ভার্কাদি ও সাচনা নামিদাস

সেরা মৌলিক চিত্রনাট্য: সুকুমার

সেরা সংলাপ: ভেঙ্কি আলুরি

সেরা প্লেব্যাক গায়ক: অভয় যোধপুরকার

সেরা প্লেব্যাক গায়িকা: ভৈকম বিজয়ালক্ষ্মী

দাদাসাহেব ফালকে সম্মাননা পেয়েছেন অভিনেতা অনন্তনাগ।

mmmmmmmmm

সনদ হাতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে অনন্ত নাগ

এবারের ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আঞ্চলিক সিনেমা বিভাগে সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘চালচিত্র এখন’। মৃণাল সেনের জীবনের কিছু অংশ ও ‘চালচিত্র’ নির্মাণের গল্পটি এতে উঠে এসেছে। পুরস্কার গ্রহণের ছবি পোস্ট করে অঞ্জন দত্ত লেখেন, ‘যারা আমাকে সাহায্য করেছেন তাদের সবার প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ। সেরা বাংলা চলচ্চিত্র বিভাগে ‘‘চালচিত্র এখন’’ ২০২৪ সালের ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে।’

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস