দেশের সংগীত ভুবনের পরিচিত মুখ দিলশাদ নাহার কনা। বছরজুড়েই গান নিয়ে ব্যস্ত থাকেন এ সংগীতশিল্পী। একাধিক সিনেমায় প্লেব্যাক করেছেন তিনি, যার বেশির ভাগই শ্রোতাপ্রিয়তা অর্জন করেছে। সম্প্রতি প্রকাশ হয়েছে তার নতুন একটি মিউজিক ভিডিও। গানের শিরোনাম ‘তোমাকে ভেবে’। এ মিউজিক ভিডিওতে কনার সঙ্গে ছিলেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। সদ্য প্রকাশিত গানটি লিখেছেন জামাল হোসেন। সুর সংগীত করেছেন পুণম মিত্র। এ গানে কনার সঙ্গে কণ্ঠ দিয়েছেন পুণম। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। 

এরই মধ্যে গানটি ইউটিউবে প্রকাশের পর শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। সজলের সঙ্গে মিউজিক ভিডিওতে এবারই প্রথম দেখা গেল কনাকে। এ নিয়ে কনা বলেন, ‘এর আগেও জামাল ভাইয়ের বেশকিছু গানে কণ্ঠ দিয়েছি। এবারের গানটির কথা আমার কাছে যেমন ভালো লেগেছে, সুর সংগীতও এক কথায় চমৎকার। আমার মনে হয়েছে, এ গানের কথা অনুযায়ী গানের গল্প ও মিউজিক ভিডিও নির্মাণও খুব ভালো হয়েছে। গানটি প্রকাশের পরই দর্শকের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। ধন্যবাদ জামাল ভাইকে, এত চমৎকার গান আমার কণ্ঠে তুলে দেয়ার জন্য।’

সম্প্রতি প্রকাশিত মিউজিক ভিডিওটি নিয়ে জানতে চাইলে আব্দুন নূর সজল জানান, তোমাকে ভেবে শিরোনামের মিউজিক ভিডিওটিতে কাজ করে ভালো লেগেছে তার।