বাংলাদেশের ইতিহাসের অন্যতম সময় মুক্তিযুদ্ধ। স্বাধীনতা দিবসের মাসে মুক্তিযুদ্ধকে পর্দায় তুলে ধরায় ব্যস্ত দেশের দুই গুণী নির্মাতা ফাখরুল আরেফীন খান ও খিজির হায়াত খান। গতকাল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এ দুই নির্মাতার ‘জেকে ১৯৭১’ ও ‘ওরা ৭ জন’। দুটি সিনেমার প্রেক্ষাপটই মুক্তিযুদ্ধ। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় ভারতে শরণার্থী শিবিরের শিশুদের ওষুধ সরবরাহের দাবিতে ফ্রান্সের অর্লি বিমানবন্দরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি বিমান ছিনতাই করেছিলেন জ্যঁ কুয়ে। এ ঘটনাকে ঘিরেই জেকে ১৯৭১-এর গল্প।
এ নিয়ে ফাখরুল আরেফীন বলেন, ‘এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি সিনেমা। বাংলাদেশের ইতিহাসের জন্য সিনেমাটি গুরুত্বপূর্ণ, কারণ এর আগে আমাদের দেশের মুক্তিযুদ্ধ নিয়ে আন্তর্জাতিক ভাষায় সিনেমা নির্মাণ হয়নি। আমরা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আফগান যুদ্ধ, এমনকি সোমালিয়ার যুদ্ধ নিয়ে নির্মিত সিনেমা দেখি। কিন্তু আন্তর্জাতিক দর্শকদের দেখানোর জন্য ইংরেজিতে আমাদের দেশের মুক্তিযুদ্ধের কোনো সিনেমা নির্মাণ হয়নি এর আগে। আমি প্রত্যাশা রাখি আমাদের পরের প্রজন্ম আন্তর্জাতিকভাবে আরো সুন্দর সিনেমা নির্মাণ করবে।’জেকে ১৯৭১-এ নাম ভূমিকায় অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের শুভ্র সৌরভ দাশ। পাইলটের ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী এবং একটি চরিত্রে রয়েছেন ইন্দ্রজিৎ।
অন্যদিকে খিজির হায়াত খানের ওরা ৭ জন সিনেমাটির গল্প ৭১-এ রণাঙ্গন দাপানো সাত মুক্তিযোদ্ধার এক উদ্ধার অভিযানের ঘটনাকে ঘিরে। তাদের অভিযান আর সাহসিকতাসহ ১৯৭১ সালের সময়কে পর্দায় তুলে ধরেছে নির্মাতা। ওরা ৭ জন সিনেমাটি নিয়ে তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমসহ সবার কাছ থেকে অনেক বেশি সাপোর্ট পাচ্ছি। মানুষের এত ভালোবাসা পাব, ভাবিনি। এখন অনেকেই এ মাধ্যমে আমাদের সিনেমা নিয়ে ইতিবাচক কথা বলছে। প্রত্যাশা করছি, মানুষের এ ভালোবাসার একটা অংশ সিনেমা হলে আসবে।’ ওরা ৭ জনে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, মম, ইমতিয়াজ বর্ষণ প্রমুখ। সাতজন মুক্তিযোদ্ধার মধ্যে একজনের চরিত্রে নির্মাতা খিজির হায়াত খান নিজেও অভিনয় করেছেন।
গতকাল রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে গিয়ে দেখা যায় সিনেমাপ্রেমীরা সিনেমা দুটি দেখতে এসেছেন। অনেকেই শো শুরু হওয়ার পরও টিকেট কাউন্টারে দাঁড়িয়ে টিকেট কিনছেন। গত বছর বাংলাদেশের বেশ কিছু সিনেমা প্রেক্ষাগৃহে দর্শকের আগ্রহ বাড়িয়েছিল। জেকে ১৯৭১ ও ওরা ৭ জন সিনেমা দুটি দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেমন ভূমিকা রাখে, সেটা এখন দেখার পালা।










