বিশ্বের অন্যতম প্রভাবশালী পত্রিকা টাইম। ম্যাগাজিনটি প্রতি বছর বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্বদের তালিকা তৈরি করে। এ বছর ১০০ জনের সেই তালিকায় এসেছে ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহির নাম। কিন্তু জাফর কেন প্রভাবশালী?

জাফর পানাহি চলচ্চিত্রের মাধ্যমে প্রতিবাদ করেন। সত্য প্রকাশের সাহসী ভূমিকাও রেখেছেন। এজন্যই ‘আর্টিস্ট’ বিভাগে তাকে এই স্বীকৃতি দেয়া হয়েছে। টাইম তাদের প্রতিবেদনে জাফর পানাহির প্রভাব তুলে ধরেছে। ম্যাগাজিনটির মতে জাফর দীর্ঘদিন ধরে সেন্সরশিপের বিরুদ্ধে নিজের শিল্পকে প্রতিরোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করে এসেছেন। ইরান সরকার একাধিকবার জাফর পানাহির শিল্পের ওপর আঘাত হেনেছে। তার বিদেশযাত্রা আটকে দিয়েছে। কিন্তু চলচ্চিত্র নির্মাণ থামাননি জাফর। থেকেছেন সৎ।

টাইমের প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাফর পানাহি বারবার কারাবরণ ও নিষেধাজ্ঞার মুখেও থেমে থাকেননি। বরং প্রতিকূল পরিস্থিতিকে সৃষ্টিশীল শক্তিতে রূপান্তর করে তিনি তুলে ধরেছেন ইরানের সমাজ-বাস্তবতা, স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক দমন-পীড়নের চিত্র। এ কারণেই চলচ্চিত্র অঙ্গনের পাশাপাশি তিনি বিশ্বের মানুষকেও প্রভাবিত করেছেন।