সংগীতশিল্পী রুমানা ইসলামের এবারের ঈদটা একটু অন্যরকম। কারণ তিনটি চ্যানেলে তার গান প্রচার করা হবে।
বাংলাদেশ টেলিভিশন, নেক্সাস টিভি ও এটিএন বাংলায় সংগীত পরিবেশন করবেন রুমানা ইসলাম। বাংলাদেশ টেলিভিশনের ‘গীতি আলাপন’ অনুষ্ঠানে সুরকার মনোয়ার হোসেন টুটুলের সঙ্গে দ্বৈত গান গাইবেন তিনি। শফিক তুহিনের লেখা ও হাবিব ওয়াহিদের সুরে গানটি করা হয়েছে।
নেক্সাস টিভির ‘গানের ওপারে’ অনুষ্ঠানে রুমানা তার বাবা খান আতাউর রহমানের লেখা ও সুর করা গান এবং মা মাহবুবা রহমানের গাওয়া কিছু গান পরিবেশন করবেন। এছাড়া তার নিজের গাওয়া কিছু মৌলিক গানও থাকবে।
এটিএন বাংলার ‘চায়ের চুমুক’ অনুষ্ঠানে মেয়ে সানিলা ইসলামের সঙ্গে গান গাইবেন রুমানা।
রুমানা ইসলাম বলেন, এবারের ঈদে তিনটি চ্যানেলে গান প্রচার হবে। এর মধ্যে টুটুল ভাইয়ের সঙ্গে প্রথমবার দ্বৈত গান গেয়েছি। নেক্সাস টিভির আয়োজনটাও খুব ভালো হয়েছে। আর এটিএন বাংলায় আমার মেয়েও সঙ্গে ছিল। সব মিলিয়ে তিনটি চ্যানেলে তিন ধরনের আয়োজন দর্শক উপভোগ করতে পারবেন।










