প্রখ্যাত সংগীতশিল্পী ফরিদা পারভীন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি এখনো আইসিইউতে রয়েছেন। তবে আগের চেয়ে তার শারীরিক অবস্থা কিছুটা ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শিল্পীর স্বামী গাজী আব্দুল হাকিম জানান, ফরিদা পারভীনের অবস্থা আগের চেয়ে একটু উন্নতি হয়েছে। তবে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে আইসিইউতেই রাখা হবে। তিনি সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
শনিবার সকালে শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে গেলে তাকে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা জানান, তার ফুসফুসে পানি জমেছে এবং আরো কিছু শারীরিক জটিলতা রয়েছে। এসব বিবেচনায় তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়।
ফরিদা পারভীনের চিকিৎসক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তার ফুসফুস আক্রান্ত, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও থাইরয়েডজনিত সমস্যা রয়েছে। বর্তমানে তিনি বক্ষব্যাধি, কিডনি ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে আছেন।










