গতকাল সকালে অনুষ্ঠিত হলো ২০২৬ সালের এমি অ্যাওয়ার্ডসের আসর। সম্ভাবনা, সন্দেহ ও পূর্বাভাসের সঙ্গে কিছু পুরস্কারের মিল থাকলেও কোনোটা আবার হতাশ করেছে। প্রতি বছরই এ রকম ঘটনা ঘটে। কেউ আশাতীত সাফল্য পায়, কেউ পিছিয়ে পড়ে। এবারের আসরে সবচেয়ে বেশি পুরস্কার জিতেছে ‘উইডোজ বে’। অ্যাপল টিভি প্লাসে এসেছিল হরর-কমেডি সিরিজটি। সোমবারের প্রাইমটাইম এমি এবং গত সপ্তাহান্তের ক্রিয়েটিভ আর্টস এমি মিলিয়ে ১৯টি মনোনয়নের বিপরীতে উইডোজ বে পেয়েছে ১৪টি পুরস্কার।
সেরা কমেডি সিরিজের পুরস্কারের পাশাপাশি উইডোজ বের জন্য প্রধান কমেডি অভিনেতার পুরস্কার পেয়েছেন ম্যাথিউ রিস। সেই সঙ্গে তিনি গড়েছেন একটি রেকর্ড। লিমিটেড সিরিজ ‘দ্য বিস্ট ইন মি’র জন্যও একই বিভাগে পুরস্কার পেয়েছেন। ফলে এমির ইতিহাসে একই বছর দুবার প্রধান অভিনয় পুরস্কারজয়ী হিসেবে নির্বাচিত হয়ে নজির গড়লেন। এছাড়া সিরিজটির জন্য পার্শ্ব অভিনেত্রী কেট ও’ফ্লিন, পার্শ্ব অভিনেতা স্টিফেন রুট, লেখার জন্য নির্মাতা কেটি ডিপল্ড এবং পরিচালনার জন্য হিরো মুরাইও পুরস্কৃত হয়েছেন।
উইডোজ বের এ সাফল্যে খানিকটা আড়ালে পড়ে যায় ‘দ্য পিট’। এইচবিওর মেডিকেল ড্রামাটি ২৫ বিভাগে মনোনয়ন পেয়েছিল। জিতেছে সাতটি পুরস্কার। এছাড়া টানা দ্বিতীয় বছরের মতো সেরা ড্রামা সিরিজ এবং প্রধান ড্রামা অভিনেতার পুরস্কার পেয়েছে দ্য পিট। এ বিভাগে প্রধান অভিনেতার পুরস্কার জিতেছেন নোয়া ওয়েইল। গত বছর ১৩টি মনোনয়ন পাওয়া সিরিজটি এবার প্রায় দ্বিগুণ মনোনয়ন পেয়েছে।
এমির এ আসরে এগিয়ে আছে অ্যাপল টিভি প্লাস। তাদের নতুন ড্রামা ‘প্লুরিবাস’ পেয়েছে ছয়টি পুরস্কার। সিরিজটি রচনার জন্য নির্মাতা ভিন্স গিলিগান এবং প্রধান অভিনেত্রীর পুরস্কার জিতেছেন রিয়া সিহর্ন। গিলিগান এর আগে নির্মাণ করেছিলেন ‘বেটার কল সওল’। সেখানেও সিহর্ন অভিনয় করেন, কিন্তু এমি জিততে পারেননি। বলা যায়, এবার তার অপেক্ষার অবসান হলো।
লিমিটেড সিরিজ বিভাগে সর্বোচ্চ সাফল্য পেয়েছে ‘ডিটিএফ সেন্ট লুইস’। সিরিজটি পেয়েছে সাতটি পুরস্কার। পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন ডেভিড হারবার এবং পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন লিন্ডা কার্ডেলিনি। রচনা ও পরিচালনার জন্যও পুরস্কৃত হয়েছেন সিরিজের নির্মাতা স্টিভেন কনরাড।
সোমবার রাতে আরো কয়েকটি সিরিজ ও অভিনয়শিল্পীর হাতে উঠেছে এমি। ‘দ্য ডিপ্লোম্যাট’-এর অ্যালিসন জ্যানি পেয়েছেন সেরা পার্শ্ব ড্রামা অভিনেত্রীর পুরস্কার। ‘রিমার্কেবলি ব্রাইট ক্রিয়েচারস’-এর জন্য লিমিটেড সিরিজ বা টিভি মুভির সেরা প্রধান অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন স্যালি ফিল্ড। অন্যদিকে ‘টাস্ক’-এর টম পেলফ্রে জিতেছেন সেরা পার্শ্ব ড্রামা অভিনেতার পুরস্কার।
এবারের এমিতে আরো একটি চমক ছিল। অনেকদিন পর এমি পেয়েছে এক নতুন উপস্থাপক। ‘ল অ্যান্ড অর্ডার: এসইউভি’ তারকা মারিস্কা হারগিটে ছিলেন সঞ্চালনার দায়িত্বে। দ্রুতগতির উপস্থাপনা, রসিকতা, সংগীত পরিবেশনা এবং একের পর এক চমকপ্রদ পোশাক ও চুলের সাজ বদলে পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত রাখেন তিনি। এছাড়া অনুষ্ঠানের একটি স্কিটে টেইলর সুইফটকেও হাজির করেন হারগিটে। সব মিলিয়ে এমির এবারের আসর ছিল দারুণ জমজমাট।
সূত্র: ভ্যারাইটি










