এবার নারীকে নিজের মতো করে দেখেছেন শিল্পী সারা জাবিন। তা নিয়েই আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা আয়োজন করছে শিল্পীর দ্বিতীয় একক শিল্প প্রদর্শনী চৌকাঠ। নারীর জীবন, গৃহস্থালি পরিসর, স্মৃতি, পরিচয় এবং প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত সাংস্কৃতিক ঐতিহ্যের আন্তঃসম্পর্ককে কেন্দ্র করে নির্মিত হয়েছে এ প্রদর্শনী। আজ সন্ধ্যা ৬টায় আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন হবে। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিল্পী ও লেখক মুস্তাফা জামান এবং বাংলাদেশে ফ্রান্স দূতাবাসের কালচারাল অ্যাটাশে।
গবেষণানির্ভর শিল্পচর্চা করেন সারা জাবিন। তিনি নারীদের আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের নীরব ধারক ও সংরক্ষক হিসেবে দেখেছেন। তার কাজের কেন্দ্রে রয়েছে স্মৃতি, গৃহস্থালি পরিসর, পরিচয় ও বস্তুসংস্কৃতির পারস্পরিক সম্পর্ক। চৌকাঠে বিভিন্ন মাধ্যমের শিল্পকর্মের মধ্য দিয়ে বাঙালি পরিবারের প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা জীবনযাপন, ঐতিহ্য ও ইতিহাসের সেসব গল্প উঠে এসেছে, যেগুলো অনেক সময় আমাদের চোখের আড়ালে থেকে যায়।
চৌকাঠ আগামীকাল শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত চলবে। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এটি সবার জন্য উন্মুক্ত।










