আরণ্যক নাট্যদলের সঙ্গে টানা তিন দশক ঢাকার মঞ্চে অভিনয় করেছেন অভিনেত্রী তমালিকা কর্মকার। দীর্ঘ বিরতির পর এবার আবারো মঞ্চে দেখা যাবে তাকে। প্রখ্যাত নাট্যকার মামুনুর রশীদ রচিত ‘অমানুষ’ নাটকে অভিনয় করছেন তিনি। জান্নাতুল টুম্পার নির্দেশনায় নাটকটির মঞ্চায়ন হবে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে। এতে তমালিকার সহশিল্পী হিসেবে থাকছেন সাঈদ বাবু।
বর্তমানে নাটকটির মহড়া চলছে। আগামী ৪ অক্টোবর ভার্জিনিয়ায় মঞ্চায়নের মধ্য দিয়ে দর্শকের সামনে হাজির হবেন তমালিকা। দীর্ঘদিন পর মঞ্চে ফেরা নিয়ে তিনি বলেন, ‘সত্যি বলতে আমার একটু ভয় কাজ করছে। যতবার নতুন করে মঞ্চে উঠি, প্রতিবারই এমন ভয় লাগে। এবারো অমানুষ নাটকের জন্য অনেক বছর পর মঞ্চে উঠব এবং সত্যি সত্যি ভয় কাজ করছে।’
তিন দশকের মঞ্চজীবনে তমালিকার কাছে মঞ্চ কেবল অভিনয়ের জায়গা হয়ে থাকেনি, বরং হয়ে উঠেছে ভালোবাসার অন্যতম ক্ষেত্র। মঞ্চের টানে টেলিভিশন নাটক ও সিনেমার কাজও ছেড়েছেন তিনি।
তার ভাষায়, ‘মঞ্চ আমার কাছে সবকিছু। মঞ্চনাটক করে যে তৃপ্তি ও আনন্দ পাই, তা অন্য কোথাও পাওয়া যায় না। মঞ্চের জন্য কত টিভি নাটক ও সিনেমা ছেড়ে দেয়ার রেকর্ডও আছে আমার। মঞ্চনাটকের প্রতি আমার ভালোবাসা এমনই।’
অমানুষ নাটকের সঙ্গে তমালিকার ব্যক্তিগত সম্পর্কও রয়েছে। নাটকটির রচয়িতা মামুনুর রশীদ তার শিক্ষক। তাই তার লেখা নাটকে অভিনয়ের আনন্দ থাকলেও যুক্তরাষ্ট্রে মঞ্চায়নের সময় শিক্ষক ও নিজের নাট্যদল আরণ্যককে কাছে না পাওয়ার আক্ষেপ রয়েছে তমালিকার।
তিনি বলেন, ‘আমার শিক্ষক মামুনুর রশীদের লেখা নাটকে অভিনয় করছি, কিন্তু ভার্জিনিয়ায় তাকে খুব মিস করছি। পাশাপাশি আমার দল আরণ্যককেও মিস করছি। দেশ থেকে দূরে থাকলেও মঞ্চকে ভুলে থাকিনি।’
দেশের বাইরে নতুন এ মঞ্চায়ন ঘিরে সহশিল্পী ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকেও উৎসাহ পাচ্ছেন তমালিকা। দেশের অনেক শিল্পী শুভেচ্ছা ভিডিওর মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘দেশের অনেক শিল্পী যেভাবে আমার অভিনীত নাটকের জন্য শুভেচ্ছা ভিডিও দিয়ে উৎসাহ ও ভালোবাসা দিচ্ছেন, পাশে থাকছেন, তাদের এ ভালোবাসার প্রতিদান হিসেবে ভালোবাসা দিলাম।’










