ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এবার বড় পর্দায় ঝলক দেখালেন আইটেম গানে। আসছে কোরবানির ঈদে মুক্তি পাওয়া পরিচালক সঞ্জয় সমাদ্দারের সিনেমা ‘ইনসাফ’-এর আইটেম গানে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে জুটি বেঁধে কোমর দুলিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন ফারিণ। গানটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনার তুঙ্গে এই অভিনেত্রী।
দীর্ঘদিন ধরে নাটক ও বিজ্ঞাপনে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করে আসছেন ফারিণ। তার মিষ্টি হাসি আর সাবলীল অভিনয় দর্শকদের মন জয় করেছে। তবে এবারই প্রথম তিনি আইটেম গানে নিজেকে সম্পূর্ণ ভিন্ন রূপে মেলে ধরেছেন। গানের কোরিওগ্রাফি, ফারিণের পোশাক এবং তার পারফরম্যান্স—সবকিছুই দর্শকদের নজর কেড়েছে। ‘ইনসাফ’ সিনেমার সেই আইটেম গানটির নাম ‘আকাশেতে লক্ষ তারা ২.০’। বাংলা সংগীতপ্রেমীদের হৃদয়ে গেঁথে থাকা নস্টালজিক গান এবার ফিরল এক ভিন্ন আবহে; গানটির এই রিমেক ভার্সন তৈরি করেছেন খ্যাতিমান সংগীত পরিচালক শওকত আলী ইমন।
শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ ছাড়াও ‘ইনসাফ’সিনেমার মিউজিক ভিডিওতে দেখা যায় অভিনেতা মোশাররফ করিমকে। বলা বাহুল্য, তাদের গ্ল্যামার ও পারফরম্যান্স এই আইটেম গানে এনে দিয়েছে বাড়তি আকর্ষণ। বিশেষ করে শরিফুল রাজ ও ফারিণের রসায়ন এবং মোশাররফ করিমের দৃঢ় উপস্থিতি দর্শকের নজর কেড়েছে।
নতুন এ সংস্করণে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা মিলা, গানের কথা নতুন করে লিখেছেন সুদীপ কুমার দীপ, আর র্যাপ অংশের কাজ করেছেন ব্ল্যাক জ্যাং। তাদের সম্মিলিত প্রয়াসে গানটি পেয়েছে আধুনিক রূপ।










