সিনেমাপ্রিয় দর্শকদের জন্য একসঙ্গে চারটি নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছে স্টার সিনেপ্লেক্স। হরর, সাইকোলজিক্যাল থ্রিলার, শিশুতোষ অ্যানিমেশন এবং বিশ্বখ্যাত পপ তারকার থ্রিডি কনসার্ট ফিল্ম— এই চার ধরনের সিনেমা একসঙ্গে মুক্তি পাওয়ায় দর্শকদের মধ্যে ইতিমধ্যে দেখা গেছে ব্যাপক আগ্রহ।
জনপ্রিয় ‘এভিল ডেড’ ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তিতে দেখা যাবে এক তরুণীর গল্প, যিনি স্বামীর অকালমৃত্যুর পর নির্জন এক বাড়িতে গিয়ে মুখোমুখি হন অভিশপ্ত ডেমোনিক শক্তির। সেবাস্তিয়ান ভানিচেক পরিচালিত থ্রিলারটি প্রযোজনা করেছেন স্যাম রাইমি ও রব ট্যাপার্ট। সিনেমাতে অভিনয় করেছেন সুহেইলা ইয়াকুব, হান্টার ডুহান ও লুসিয়ান বুকানন।
মুক্তি পেয়েছে আন্দ্রে ওভ্রেডাল পরিচালিত সাইকোলজিক্যাল হরর সিনেমা ‘প্যাসেঞ্জার’ও। এতে দেখা যাবে ভ্যান লাইফ রোড ট্রিপে বেরিয়ে পড়া এক তরুণ দম্পতির গল্প, নির্জন মহাসড়কে দুর্ঘটনাকবলিত এক যাত্রীকে উদ্ধার করতে গিয়ে যারা জড়িয়ে পড়েন এক অতিপ্রাকৃত ফাঁদে। সিনেমাতে অভিনয় করেছেন জ্যাকব সিপিও, লু লোবেল ও মেলিসা লিও।
পরিবার নিয়ে দেখার মতো সিনেমা হিসেবে মুক্তি পেয়েছে অ্যানিমেটেড সায়েন্স ফিকশন ‘টাইম হোপার্স: দ্য সিল্ক রোড’। গল্পে দেখা যায়, ২০৫০ সালের চারজন বিজ্ঞানের শিক্ষার্থী ভুলবশত সময় পাড়ি দিয়ে পৌঁছে যায় ৮২৫ খ্রিস্টাব্দের বাগদাদে, যেখানে এক রসায়নবিদের হাত থেকে বিজ্ঞানের ইতিহাস রক্ষার দুঃসাহসিক অভিযানে নামে তারা।
সবচেয়ে বড় চমক হয়ে এসেছে জেমস ক্যামেরন ও পপ তারকা বিলি আইলিশের পরিচালনায় তৈরি ‘বিলি আইলিশ হিট মি হার্ড অ্যান্ড সফট: দ্য ট্যুর’। প্যারামাউন্ট পিকচার্স পরিবেশিত থ্রিডি কনসার্ট ফিল্মটি ধারণ করা হয়েছে জেমস ক্যামেরনের অত্যাধুনিক ভার্চুয়াল রিয়েলিটি থ্রিডি প্রযুক্তিতে।
এই আয়োজন প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া বিভাগের প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা সবসময়ই বাংলাদেশের দর্শকদের একদম নতুন এবং আন্তর্জাতিক মানের সিনেমা উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। একই দিনে রোমাঞ্চ, ভয়, বিজ্ঞান এবং মিউজিকের এই রকম দুর্দান্ত কম্বিনেশন স্টার সিনেপ্লেক্সে আগে কখনো আসেনি। আমরা আশা করি দর্শক তাদের পরিবার ও বন্ধুদের নিয়ে প্রেক্ষাগৃহে এক অবিশ্বাস্য সিনেম্যাটিক সপ্তাহ কাটাবেন।’










