চার খণ্ড জমির পরিমাণ প্রায় ২৫ একর। খরচ হয়েছে ১৬ কোটি ৪২ লাখ রুপি। তার সম্পত্তি নিবন্ধনের নথি থেকে এ তথ্য জানা গেছে।
নথি অনুযায়ী, পরস্পর সংলগ্ন চারটি জমির নিবন্ধন সম্পন্ন হয় ২০২৬ সালের ৩০ এপ্রিল। এর মধ্যে প্রথম জমিটির আয়তন ২১ হাজার ৪০০ বর্গমিটার। এর মূল্য ৩ কোটি ৩১ লাখ রুপি। দ্বিতীয়টির আয়তন ২৯ হাজার ৯০০ বর্গমিটার, মূল্য ৪ কোটি ৬২ লাখ রুপি। তৃতীয় জমিটির আয়তন ৪৩ হাজার ৮০০ বর্গমিটার, যার দাম ৭ কোটি ৭ লাখ রুপি। আর চতুর্থ জমিটির আয়তন ৮ হাজার ৯০০ বর্গমিটার। মূল্য ১ কোটি ৩৯ লাখ রুপি।
সব মিলিয়ে চারটি জমির মোট আয়তন ১ লাখ ৪ হাজার বর্গমিটার, অর্থাৎ প্রায় ২৫ দশমিক ৭ একর। জমিগুলোর মোট ক্রয়মূল্য ১৬ কোটি ৪২ লাখ রুপি। নিবন্ধন প্রক্রিয়ায় স্ট্যাম্প ডিউটি বাবদ পরিশোধ করা হয়েছে ৮২ লাখ ১৩ হাজার রুপি।
এর আগে চলতি বছরের মে মাসে দ্য হাউজ অব অভিনন্দন লোধা-এর ‘দ্য সরযু’ প্রকল্পে প্রায় ৩ কোটি ৩১ লাখ রুপিতে একটি জমি কিনেছিলেন রণবীর কাপুর। জমিটির আয়তন ছিল ২ হাজার ১৩৪ বর্গফুট। প্রকল্পটিতে একটি ক্লাব হাউজ, ৩৫টিরও বেশি লাইফস্টাইল সুবিধা এবং দ্য লীলা পরিচালিত পাঁচ একরের একটি বিলাসবহুল হোটেল নির্মাণের পরিকল্পনা রয়েছে।
বলিউডের অভিনেতারা জমি ও রিয়েল এস্টেটে বিনিয়োগ করছেন বেশ কয়েক বছর ধরে। কেউ ফ্ল্যাট কিনছেন মুম্বাইয়ে, কেউ জমি কিনছেন শহর থেকে কিছুটা বাইরে। রণবীরও সেই তালিকায় যুক্ত হয়েছেন।
রণবীর কাপুর এ মুহূর্তে ব্যস্ত তার আসন্ন ‘রামায়ণ’ নিয়ে। নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটিতে তিনি রামের চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে সীতার ভূমিকায় আছেন সাই পল্লবী। রাবণের চরিত্রে অভিনয় করছেন যশ। এছাড়া সঞ্জয় লীলা বানসালি পরিচালিত লাভ অ্যান্ড ওয়ার চলচ্চিত্রেও অভিনয় করবেন রণবীর কাপুর।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










