বর্তমান সময়ে দেশের তরুণ নির্মাতারা স্বাধীনভাবে কাজ করে দেশের জন্য সম্মান বয়ে আনছেন। এ তালিকায় আছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা যুবরাজ শামীম। সম্প্রতি মস্কো চলচ্চিত্র উৎসবে সিলভার সেন্ট জর্জ অ্যাওয়ার্ড ও নেটপ্যাক সম্মাননা পেয়েছে যুবরাজ শামীমের প্রথম সিনেমা ‘আদিম’। এবারে নিউইয়র্কের কুইন্সে তিন বিভাগে মনোনয়ন পেয়েছে সিনেমাটি। বেস্ট ফিল্ম ফর ন্যারেটিভ ফিচার ফিল্ম, বেস্ট ডিরেক্টর ফর ন্যারেটিভ ফিচার ফিল্ম, বেস্ট সিনেমাটোগ্রাফি ফর ন্যারেটিভ ফিচার ফিল্ম—এই তিন বিভাগে কুইন্স ফিল্ম ফেস্টিভ্যালে ১২তম আসরে লড়বে আদিম। আগামী ১ নভেম্বর শুরু হতে যাচ্ছে কুইন্স ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল। এবারের আসরের পর্দা নামতে যাচ্ছে ৬ নভেম্বরে। যুবরাজ শামীম সামাজিক যোগাযোগমাধ্যমে কুইন্স ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে আদিমের যাত্রা নিয়ে নিজেই লিখেছেন। তিনি জানিয়েছেন, ৫ নভেম্বর  নিউইয়র্কের কুইন্স ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে আদিম প্রদর্শিত হতে যাচ্ছে।

এ নিয়ে বণিক বার্তাকে শামীম বলেন, ‘কুইন্স নিয়ে আমার অন্য রকম ভালো লাগা কাজ করছে। সম্প্রতি অনেকেই আমাকে বলেন যে স্বাধীন সিনেমা নির্মাণ করার ক্ষেত্রে তাদের কাছে আমি অনুপ্রেরণা। এই যে ভালোবাসার অর্জন, এটা আমাকে আনন্দ দেয়। কুইন্সে আমি নানা চ্যালেঞ্জের মাঝে আদিম জমা দিয়েছিলাম, এরপর নমিনেশন পেলাম। স্বাধীন সিনেমা নির্মাতাদের কিছুই থাকে না, তাদের এই কিছুই না থাকা নিয়েই চলতে হয়। দেখা যাক কুইন্সে আদিমের ভাগ্যে কী লেখা আছে।’

আদিমের গল্পটা টঙ্গীর ব্যাংকের মাঠবস্তির বাসিন্দাদের নিয়ে। এতে অভিনয়ও করেছেন বস্তির বাসিন্দারাই। এমনকি সিনেমাটা নিখুঁতভাবে তুলে ধরতে সাত মাস বস্তিতে ছিলেন যুবরাজ শামীম। আদিমের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাদশা, দুলাল, সোহাগী, সাদেক। চিত্রগ্রহণে ছিলেন আমির হামজা। সাউন্ড ও কালার করেছেন সুজন মাহমুদ। ২০১৭ সালে আদিমের কাজ শুরু করেছিলেন তিনি। মূলত স্বাধীনভাবেই সিনেমাটি নির্মাণ করতে চেয়েছিলেন তিনি। এ সম্পর্কে নির্মাতা বলেন, ‘বর্তমান সময়ে বাংলাদেশের সিনেমার ভালো একটা জায়গা হয়েছে। আমি মস্কোয় গিয়েও বাংলাদেশের সিনেমা নিয়ে অনেক প্রশংসা পেয়েছি। আমাদের দেশের নির্মাতারা ভিন্নধর্মী গল্প নিয়ে এখন প্রচুর কাজ করছেন।’

আদিম সিনেমাটি করতে গিয়ে নানা আর্থিক জটিলতার মধ্য দিয়ে গিয়েছেন তিনি। সিনেমাটির নির্মাণ বিষয়ে অর্থায়নের জন্য ফেসবুকে পোস্ট দিয়ে এর শেয়ার বিক্রি করে ২০১৮ সালে শুটিং শুরু হয়। গণঅর্থায়নে নির্মিত হয়েছিল এ সিনেমা। আন্তর্জাতিক মহলে আদিম প্রশংসা কুড়ালেও এখনো দেশের মাটিতে সিনেমাটি মুক্তি পায়নি। নির্মাতার ভাষ্যমতে, সিনেমার মুক্তি নিয়ে কাজ চলছে। আগামী বছরেই প্রেক্ষাগৃহে দেখা যেতে পারে আদিম।