বাংলা সিনেমার কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়। বাংলা সিনেমা তার হাতে পৌঁছে গিয়েছিল অনন্য উচ্চতায়। তাকে নিয়ে আজও আলোচনা, কৌতূহলের শেষ নেই। পরিচালক সত্যজিতের জীবনকে বড় পর্দায় তুলে আনার কাজ শুরু হয়েছে। অন্যদিকে ঢাকায় সত্যজিৎ রায়কে নিয়ে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘প্রিয় সত্যজিৎ’ নির্মাণ করেছেন প্রসূন রহমান। গত বছরের সেন্সর বোর্ড থেকে ছাড়পত্রও পেয়েছে সিনেমাটি। ২ মে সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে গত বছরই সিনেমাটি মুক্তির কথা থাকলেও পরে তারিখ পেছানো হয়েছিল। চলতি বছরে সত্যজিৎ রায়ের ৩১তম প্রয়াণ দিবসে ২৩ এপ্রিল সিনেমার ট্রেলার প্রকাশ করেছেন নির্মাতা। ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমায় অভিনয় করেছেন গুণী অভিনেতা আহমেদ রুবেল, মৌটুসী বিশ্বাসসহ আরো অনেকে। নির্মাতার ভাষ্য তিন সময়ের তিন চলচ্চিত্র নির্মাতার ভাবনা নিয়ে এ সিনেমা। ২ মিনিট ৫০ সেকেন্ডের ট্রেলারে তারই ঝলক দেখা গেছে। একেবারে নতুনভাবে ভিন্ন লুকে দেখা গেছে আহমেদ রুবেল ও মৌটুসীকে। তারা দুজনই চলচ্চিত্র নির্মাতা। সত্যজিৎ রায়ের পথের পাঁচালির কিছু দৃশ্যের সঙ্গে মিল রেখে দৃশ্য ও আবহ ট্রেলারটি আলাদা ছন্দ এনে দিয়েছে। কয়েকটি দৃশ্য নজর কেড়েছে এ সিনেমার ট্রেলারের। এর সঙ্গে বর্তমান সময়ের একজন চলচ্চিত্র নির্মাতার ভাবনা নজর কেড়েছে। এরই মধ্যে নেটিজনদের প্রশংসা পাচ্ছে এর ট্রেলার।
সিনেমাটি নিয়ে প্রসূন রহমান বলেন, ‘চলচ্চিত্রকার সত্যজিৎ রায়কে তার ৩১তম প্রয়াণ দিবসে স্মরণ করছি শ্রদ্ধায় ও ভালোবাসায়। তার জন্মশতবর্ষ উপলক্ষে নির্মিত আমাদের ট্রিবিউট ফিল্ম প্রিয় সত্যজিৎ নিয়ে পরিকল্পনা ছিল গত জন্মদিনে মুক্তি দেয়ার। প্রস্তুতিও ছিল। কিন্তু গত বছর একই সময় ঈদ হওয়ায় পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়। এ বছরও কাছাকাছি অবস্থা। কখন সম্ভব হবে ঠিক করে বলা যাচ্ছে না। প্রয়াণ দিবসে সত্যজিৎ স্মরণে অবমুক্ত করা হয়েছে ছবিটির ট্রেলার। এবারের জন্মদিনে এর একটি বিশেষ প্রদর্শনী ও বাকি রয়ে যাওয়া জন্মশতবর্ষের উদযাপনী আয়োজন সম্ভব হবে বলে আশা করছি।’
মুক্তির অপেক্ষায় থাকা প্রিয় সত্যজিৎ আন্তর্জাতিক মহলে এরই মধ্যে প্রশংসিত। গত বছরের নভেম্বরে এর আন্তর্জাতিক প্রিমিয়ার হয় কানাডার ভ্যাংকুবার সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। এরপর এটি প্রদর্শিত হয় ইতালির ফ্লোরেন্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ও ভারতের কেরালা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। এর মধ্যে ফ্লোরেন্স উৎসবে ‘প্রিয় সত্যজিৎ’ বিশেষ পুরস্কার পায়। এ ছাড়াও ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমায় অভিনয়ের সুবাদে ‘জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩’-এর ফিচার ফিল্ম বিভাগে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন অভিনেতা আহমেদ রুবেল। শুধু তাই নয়, সিনেমাটোগ্রাফি ও সম্পাদনা বিভাগেও দুটি বিশেষ পুরস্কার পেয়েছে ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমাটি।










