নতুন জুটি হিসেবে পর্দায় হাজির হয়েছেন তৌসিফ মাহবুব ও সাদনিমা বিনতে নোমান। প্রথমবার একসঙ্গে ‘আপন পর’ নাটকে অভিনয় করেছে এ জুটি। নাটকটি মুক্তির পর পরই দর্শকের মধ্যে সাড়া ফেলেছে।

সম্প্রতি অন্তর্জালে মুক্তি পেয়েছে রুবেল হাসান পরিচালিত নাটকটি। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নির্মিত ‘আপন পর’ ইউটিউবে প্রকাশের পর থেকেই দর্শকের আগ্রহ তৈরি করেছে। মুক্তির একদিনেই নাটকটি ৫৮ লাখেরও বেশি দর্শক দেখেছে বলে জানা গেছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত দুইদিনে নাটকটির দর্শক সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭০ লাখে। ইউটিউবের হিসাবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নাটকটি দেখেছে ৬৯ লাখ ৮৬ হাজারেরও বেশি দর্শক। পাশাপাশি নাটকটিতে লাইক পড়েছে ৬৮ হাজারের বেশি এবং মন্তব্য জমা পড়েছে প্রায় তিন হাজার।

নাটকটি দেখে দর্শকের একটি বড় অংশ তৌসিফ ও সাদনিমার অভিনয় এবং জুটির প্রশংসা করেছে। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘তৌসিফ যখন বাবা-মায়ের কবরের পাশে বসে কান্না করছিলেন সেটা দেখে কেঁদে ফেলেছি।’ আরেকজন লিখেছেন, ‘তৌসিফ এবং সাদনিমা, দুজনকে বেশ মানিয়েছে’।

নাটকের আবেগঘন গল্পও ছুঁয়ে গেছে অনেক দর্শকের মন। একজন মন্তব্য করেছেন, ‘মা না থাকলে যে কী হয়! পুরো নাটকটা দেখে কান্না করেছি।’ আরেক দর্শক লিখেছেন, ‘অসাধারণ নাটক। এতে বোঝা যায়, মায়ের একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য ছেলেরা সব বিসর্জন দিতে পারে।’

এক যুগেরও বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তৌসিফ মাহবুব। জনপ্রিয় অভিনেত্রীদের পাশাপাশি সাম্প্রতিক সময়ে নতুন মুখের সঙ্গেও নিয়মিত কাজ করছেন তিনি। এবার সাদনিমা বিনতে নোমানের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে ‘আপন পর’ নাটকে অভিনয় করেছেন এ অভিনেতা।

নাটকটিতে তৌসিফ মাহবুব ও সাদনিমা বিনতে নোমান ছাড়াও অভিনয় করেছেন বিজরী বরকতুল্লাহ, শাহেদ শরীফ খান, সাকিবা বিনতে আলীসহ আরো অনেকে। প্রথম নাটকেই এ জুটির এমন সাড়া তাদের নিয়ে দর্শকের আগ্রহও বাড়িয়ে দিয়েছে।