নতুন বছরের প্রথম শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ অভিনীত সিনেমা ‘‌ব্ল্যাক ওয়ার’। মিশন এক্সট্রিমের পরবর্তী পর্ব এ সিনেমা। নতুন খবর হচ্ছে এবারে অনম বিশ্বাসের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শুভ। সিনেমার প্রেক্ষাপট ১৯৭১ সাল। প্রায় দেড় বছর গবেষণা করে নতুন এ সিনেমার চিত্রনাট্য করেছেন অনম নিজেই। ‘দেবী’ দিয়ে সিনেমা পরিচালনা শুরু করেছিলেন তিনি। 

অনম বিশ্বাসের সিনেমা নিয়ে বণিক বার্তাকে আরিফিন শুভ বলেন, ‘আমি খুব এক্সাইটেড। অনেক আগে থেকে আমি অনম ভাইয়ের কাজের ভক্ত। একটু ভিন্নভাবে গল্প দেখান তিনি, যেমনটা আমরা দেবীতে দেখেছি। নিজেকে সৌভাগ্যবান মনে করছি তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে। আমি মনে করি নতুন কাজটি করতে গিয়ে তার কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পাব। এ প্রজেক্টে আমরা পুরো বিষয়টা কেবল কমার্শিয়ালভাবে না ভেবে বরং সুন্দর গল্প, মেকিং, অভিনয়শিল্পী এসব বিষয় নিয়েই ভেবেছি। আসন্ন সিনেমাটির কাস্টিং, লোকেশন ও গল্পের বিভিন্ন বিষয় আমরা সময়ের সঙ্গে জানাব। এখনই সব খোলাসা করতে চাচ্ছি না। সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে শুটিং করার পরিকল্পনা রয়েছে। আশা করছি দারুণ কিছু হতে যাচ্ছে, যা দর্শকের ভালো লাগবে।’ 

অনম বিশ্বাস দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার, সুরকার ও কাহিনীকার। তিনি ২০১৯-২০ সালে সরকারি অনুদান পেয়েছেন ‘ফুটবল ৭১’ নামের সিনেমার জন্য। এটি নিয়ে শিগগির আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে।

অনম বিশ্বাস বণিক বার্তাকে জানান, ‘‌কিছুদিন আগে আমি ওয়েব ফিল্ম দুই দিনের দুনিয়া করলাম। আর এবার বড় পর্দার জন্য শুভর সঙ্গে নতুন কাজটি করতে যাচ্ছি। খুব শিগগির এ নিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। শুভর সঙ্গে এটা আমার প্রথম সিনেমা। এ প্রজেক্ট নিয়ে আমি খুব এক্সাইটেড। আশা করছি আমরা খুব ভালোভাবে গুছিয়ে করতে পারব। এটা একটা বৃহত্তর প্রজেক্ট। আমার মূল লক্ষ্য, দেশের তরুণ প্রজন্মের ছেলে-মেয়েরা। এদের জন্য সিনেমাটা নির্মাণ করতে যাচ্ছি। আমি চাই এ সিনেমার মধ্য দিয়ে দেশ ও দেশের ইতিহাস তুলে ধরতে, যাতে তারা একটু হলেও এর সঙ্গে সংযুক্ত হতে পারে।’  

সিনেমার নামের প্রসঙ্গ আসতেই নির্মাতা বলেন, ‘‌এখনই নাম বলতে চাই না, এর জন্য আরো কিছু সময় লাগবে। আমি আর শুভ একসঙ্গে একটি সিনেমায় কাজ করতে যাচ্ছি, এটাই এখন বলতে চাই। সময়ের সঙ্গে ধীরে ধীরে আমরা সব বিষয় নিয়ে কথা বলব। এটা মূলত তরুণদের জন্য মুক্তিযুদ্ধের সিনেমা। মুক্তিযুদ্ধের একটা গল্প নিয়ে এটি। তবে সচরাচর মুক্তিযুদ্ধ নিয়ে আমরা যেমন গল্প দেখি, এটি তেমন নয় বরং ভিন্নভাবে আমরা গল্পটি দেখাতে যাচ্ছি এ সিনেমার মধ্য দিয়ে। আশা করছি দর্শকের ভালো লাগবে।’

অনম বিশ্বাস ২০১৬ সালে আয়নাবাজি সিনেমার জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ২০১৮ সালে তিনি সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা দেবীর মাধ্যমে পরিচালনা শুরু করেন। ওয়েব কনটেন্ট নির্মাণ করেও তিনি প্রশংসা কুড়িয়েছেন। 

অন্যদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে আরিফিন শুভ অভিনীত সিনেমা ‘ব্ল্যাক ওয়ার’ -এর টিজার। আগামী ৬ জানুয়ারি মুক্তি পাবে এটি। থ্রিলারধর্মী সিনেমাটির এক মিনিটের টিজারে অ্যাকশন অবতারে দেখা গিয়েছে শুভকে, ব্যাকগ্রাউন্ডে শোনা গিয়েছে তার কণ্ঠ। সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত এ সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, ইরেশ যাকেরসহ আরো অনেকে।

এছাড়া মুক্তির অপেক্ষায় আছে আরিফিন শুভ অভিনীত শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। রায়হান রাফি পরিচালিত ‘নূর’ সিনেমার মিলি চরিত্রে রয়েছেন তিনি। এটিও রয়েছে মুক্তির অপেক্ষায়। আগামী ভালোবাসা দিবসে মিজানুর রহমান আরিয়ানের রোমান্টিক ওয়েব ফিল্মে দেখা যাবে শুভকে, যেখানে তার বিপরীতে অভিনয় করবেন লাক্স তারকা আফসান আরা বিন্দু।