নির্মাতা অরণ্য আনোয়ার পরিচালিত প্রথম সিনেমা ‘মা’। একজন মায়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। মা দিবস উপলক্ষে ১৯ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু মুক্তির তারিখ নির্ধারণ হলেও মিলছে না হল। এ প্রসঙ্গে জানতে চাইলে অরণ্য আনোয়ার বলেন, ‘আমরা ১৯ মে সিনেমাটা মুক্তি দিতে যাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় হল মিলছে না। আমরা সিনেমার কোনো সিডিউল পাচ্ছি না। যে সিনেমাটা কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছে তার এ করুণ অবস্থা।’
বিশ্বের অন্যতম প্রাচীন চলচ্চিত্র উৎসবের একটি কান চলচ্চিত্র উৎসব। এ উৎসবের ৭৬তম আসর শুরু হতে যাচ্ছে ১৬ মে। এবারের উৎসবে বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘মা’। দেশের গুণী নাট্যনির্মাতা অরণ্য আনোয়ারের ‘মা’ মুক্তি পেতে বাকি আর মাত্র কয়েকদিন।
মুক্তির আগে পহেলা বৈশাখ থেকে ঈদুল ফিতর উৎসব পর্যন্ত চলেছে সিনেমাটির বর্ণিল প্রচারণা। প্রকাশ হয়েছে পোস্টার, ট্রেলার, গান ও বিহাইন্ড দ্য স্টোরি। তবে প্রচারণার এসব নিয়মিত অনুষঙ্গ ছাপিয়ে ৪ মে সকালে জাতীয় জাদুঘরের সামনে শুভ বুদ্ধপূর্ণিমা জাতীয় সম্মিলিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবে অংশ নিয়ে ‘মা’ ধ্বনিতে মুখর করেন সিনেমাটির নির্মাতা, প্রযোজক, কুশলী ও শুভাকাঙ্ক্ষীরা। সিনেমাটির পোস্টার ব্যানার হাতে অংশ নেন কলাকুশলীরা। কোনো সিনেমাকে ঘিরে জাতীয় উৎসব আয়োজনে এমন চিত্র আগে কখনো দেখা যায়নি। অরণ্য আনোয়ার তার আসন্ন সিনেমাটির প্রচারণা ও হল পাওয়া নিয়ে বলেন, ‘যেহেতু মা কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছে, তাই রাত জেগে আমাকে কাজ করতে হচ্ছে। এরপর আমরা সিনেমাটার প্রচারণার কাজ করছি। একটা সিনেমা নির্মাণে যে খরচ তার থেকে বেশি শ্রম দিচ্ছি আমরা প্রচারণায় আর ফল হচ্ছে আমাদের শো দিচ্ছে না হল কর্তৃপক্ষ। আমাদের সিনেমা দেশ প্রেমের সিনেমা। এটা কানে যাচ্ছে অথচ বাংলাদেশের সিনেপ্লেক্সগুলো আমাদের পাত্তাই দিচ্ছে না। এ নিয়ে আমার বলার কিছু নেই, ভাষা হারিয়ে ফেলেছি। দেখা যাক কী হয় শেষ পর্যন্ত।’
সিনেমাটার গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, মা সিনেমার গল্প মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। সাজিয়ে গুছিয়ে তা সিনেমা আকারে পর্দায় তুলে এনেছেন নির্মাতা। সে মায়ের চরিত্রেই দেখা যাবে পরীমণিকে। অরণ্য আনোয়ার একজন গুণী নির্মাতা। যিনি ‘আমাদের নুরুল হুদা’র মতো ধারাবাহিক নাটক নির্মাণ করে মুগ্ধতা ছড়িয়েছেন। আসন্ন সিনেমাটি নিয়ে আশাবাদী এ নির্মাতা। গত অক্টোবরে সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পায়। গত ৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এটি মুক্তির ঘোষণা দেন নির্মাতা। ‘মা’ সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন।










