ভারতের জনপ্রিয় শিল্পী মিকা সিং। বছর পাঁচেক আগে জনপ্রিয়তা আরো বেশি ছিল। বলা যায়, তার সেরা সময় ছিল সেটা। প্রচুর কামিয়েছেন সে সময়। অথচ ক্যারিয়ারের শুরুতে তার বেতন ছিল মাত্র ৭৫ রুপি। এরপর যখন জনপ্রিয়তা এল, আয় বাড়ল, একে একে ৯৯টি বাড়ির মালিক হয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এ কথা জানিয়েছেন। আরো মজার ব্যপার, মিকার ৯৯তম বাড়িটির অন্দরসজ্জা করেছেন গৌরী খান।

মিকা সিং জানিয়েছেন, তিনি রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পছন্দ করেন। তবে শুরুতে কখনো ভাবেননি, একদিন এত বাড়ির মালিক হবেন তিনি। তবে আশা করছেন ১০০ টিরও বেশি বাড়ির মালিক তিনি হবেন।

মিকা বলেন, আশা করি সংখ্যাটা কোনো দিন ১০০ পেরিয়ে যাবে। যখন শুরু করি, তখন আমার বেতন ছিল ৭৫ টাকা! তখন খুব বেশি কিছু ভাবিনি। কারণ সে সময়ে ওই টাকাটাই আমার কাছে অমূল্য ছিল।

মিকাকে বড় হতে বেশ সংগ্রাম করতে হয়েছে। ২০১২ সালে তিনি প্রথম একটি ফ্ল্যাট কেনেন। মিকার বলেন, এখনো ওই বাড়িটা আমার এত পছন্দ যে, সেখানে আমি মোট ছয়টি ফ্ল্যাট কিনেছি।

সংগ্রাম করে বড় হওয়ার কারণে মিকা অর্থের গুরুত্ব জানেন। তাই বিনিয়োগের ক্ষেত্রে স্থাবর সম্পত্তি পছন্দ করেন। মিকার কথায়, কেউ স্বর্ণ, চশমা এমনকি জুতো কিনে টাকা খরচ করেন। আমার একটা ১০০ একরের জমি রয়েছে। আর এই জমি থেকে প্রায় দেড়শো পরিবারের উপার্জন হয়।