আজ অস্ট্রেলিয়ার সিডনিতে সংগীত পরিবেশন করবেন জেমস। স্থানীয় সময় সন্ধ্যায় সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এ কনসার্ট। এতে জেমসের সঙ্গে আরো গান গাইবেন ওপার বাংলার ব্যান্ড ফসিলসের রূপম ইসলাম।
এরই মধ্যে কনসার্ট উপলক্ষে আয়োজকদের প্রকাশিত এক ভিডিও বার্তায় সিডনিতে পৌঁছে যাওয়ার খবর জানিয়েছেন জেমস। পাশাপাশি ভক্তদের অনুষ্ঠানে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। ভিডিও বার্তায় জেমস বলেন, ‘আমরা নগরবাউল এখন সিডনি চলে এসেছি। দেখা হচ্ছে ১২ সেপ্টেম্বর, নরওয়েস্ট কনভেনশন সেন্টারে। দুই বাংলার দুই রক ব্যান্ডের কনসার্টে আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল।’
দেশের পাশাপাশি বিদেশের বিভিন্ন মঞ্চে নিয়মিত পারফর্ম করে ব্যস্ত সময় কাটাচ্ছে নগরবাউল। মঞ্চ পরিবেশনার পাশাপাশি নতুন কিছু গানের কাজও এগিয়ে নিচ্ছেন ব্যান্ডটি।
জেমস ও রূপম ইসলামের ভক্তদের জন্য এবারের আয়োজনটি বিশেষ। এর আগে ২০২৪ সালে ভারতে অনুষ্ঠিত ‘পূজাওয়ালাদের গান’ শিরোনামের একটি কনসার্টে একই মঞ্চে পারফর্ম করেছিলেন দুই বাংলার জনপ্রিয় এ দুই রকশিল্পী। দীর্ঘ বিরতির পর আবারো একই মঞ্চে দেখা যাবে জেমস ও রূপম ইসলামকে।
এদিকে সম্প্রতি ইতালির রোমে একটি কনসার্টকে ঘিরে জেমস ও তার সফরসঙ্গীদের নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। কনসার্ট শেষে হোটেলের একটি কক্ষ নোংরা করে রেখে যাওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাও হয়। তবে জেমসের মুখপাত্র ও ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন অভিযোগটি অস্বীকার করে জানান, যে কক্ষটি নিয়ে অভিযোগ উঠেছে সেখানে জেমস ছিলেন না। জেমস নিজেও পরে বিষয়টি নিয়ে কথা বলেন।










