কিংবদন্তি ভারতীয় অভিনেত্রী মধুবালার বায়োপিক নিয়ে বেশ কিছুদিন ধরে চর্চা চলছে। তার ভূমিকায় কে অভিনয় করবেন? সম্প্রতি মধুবালার রোলে ‘ধুরন্ধর’ নায়িকা সারা অর্জুনের নাম শোনা গিয়েছিল। তবে এমনও গুঞ্জন উঠেছে, সেই চরিত্র নাকি বাগিয়ে নিয়েছেন শর্বরী ওয়াঘ।
বলিউডের নির্মাণ শৈলিতে ‘মুঘল-ই-আজম’ জামানা বিদায় নিলেও মধুবালার প্রতি মুগ্ধতায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি আজো। তো, এ কিংবদন্তির বায়োপিকে অভিনয় নিয়ে যে কাড়াকাড়ি হবে, তা বলাই বাহুল্য।
বলিউডের বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে শর্বরী বেশ জনপ্রিয়। বর্তমানে বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রীও তিনি। যশরাজ ফিল্মসের ব্যানারে আলিয়া ভাটের অতিপ্রতীক্ষিত সিনেমা ‘আলফা’র গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি। ইমতিয়াজ আলীর ‘ম্যায় ওয়াপাস আওঙ্গা’য়ও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শর্বরী।

শর্বরী ওয়াঘ। ছবি: সংগৃহীত
গুঞ্জন উঠেছে, এবার মধুবালার বায়োপিকের জন্য নাকি শর্বরীর ওপরই ভরসা রেখেছেন নির্মাতারা।
প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র বলছে, মাসখানেক ধরেই বলিউডের একাধিক নায়িকার কাছে মধুবালার চরিত্রে অভিনয়ের প্রস্তাব গিয়েছে। সেই তালিকায় সারা অর্জুন, কল্যাণী প্রিয়দর্শন, সাই পল্লবী ও অনীত পাড্ডার মতো সেনসেশনের নাম থাকলেও নির্মাতারা এবার শর্বরীতেই মধুবালা খুঁজে পেয়েছেন।
অবশ্য আনুষ্ঠানিক ঘোষণার আগে এমন আলোচনার সবই যে গুঞ্জন, তা আর নতুন করে বলতে হবে না।
এদিকে মধুবালার বায়োপিক নির্মাতা হিসেবে সঞ্জয় লীলা বনশালির নাম শোনা গেলেও এখন শোনা যাচ্ছে জসমিত কে রিনের নাম, এর আগে তিনি নির্মাণ করেছিলেন আলিয়া ভাট অভিনীত ‘ডার্লিংস’।










