চয়নিকা চৌধুরীর দ্বিতীয় সিনেমা ‘প্রহেলিকা’। এ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ আট বছর পর বড় পর্দায় দেখা মিলবে দেশের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের। প্রহেলিকায় মাহফুজ আহমেদের বিপরীতে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীর এ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে কাজ করেছেন তারা। ঈদে মুক্তির অপেক্ষায় আসছে সিনেমাটি। মুক্তির আগে সিনেমার প্রচারণায় ব্যস্ত প্রহেলিকার সদস্যরা। এর অংশ হিসেবে এর চরিত্রগুলোর ক্যারেক্টার লুক পোস্টার প্রকাশ করছে। এর আগে মাহফুজ আহমেদ ও নাসির উদ্দিন খানের ক্যারেক্টার লুক পোস্টার সামনে আসে। এবারে এল নায়িকা শবনম বুবলীর।
প্রহেলিকায় অর্পা চরিত্রে দেখা যাবে বুবলীকে। এরই মধ্যে বুবলীর ক্যারেক্টার লুক পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন নির্মাতা চয়নিকা চৌধুরী। ক্যাপশনে তিনি লেখেন, ‘আহা কী যে পরীর মতো সুন্দর অর্পা! গায়ের রংটাও যেন দুধে আলতা। যেন পুরো জীবনে কেউ কোনোদিন এমন অপরূপা চোখের সামনে দেখেইনি। সত্যিই কি মানুষ এমন সুন্দর হতে পারে? অর্পা কিন্তু শুধু দেখতেই সুন্দর নয়, মানুষটাও ভীষণ নরম মনের। মুহূর্তে আপন করে নিতে জানে। গান জানে...হাতের কাজ পারে...রান্না ভালো...আরো যে কত কী সেটা বলে শেষ করা যায় না। কিন্তু এত কিছুর পরও অর্পা কি স্বপ্নের জীবন খুঁজে পেল? যাকে অবলম্বন করে অর্পা স্বপ্ন সাজাতে চাইল, সে কি তাকে শেষ পর্যন্ত আগলে রেখেছিল? অর্পার জীবনটা কি অর্পার মতোই সুন্দর? এ কোন খাঁচায় বন্দি অর্পা? সে কি শেষ পর্যন্ত মুক্তির দেখা পাবে? বাঙালি রমণীর এ চিরায়ত বঞ্চনার শেষ কি প্রাপ্তির আনন্দে শেষ হতে পারে না?’
এসব প্রশ্নের উত্তর জানতে চাইলে জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘প্রহেলিকা একটি গল্প প্রধান সিনেমা। এ সিনেমা দাঁড়িয়ে আছে কিছু চরিত্রের প্রাপ্তি-অপ্রাপ্তি আর নিয়তির ইচ্ছের ওপর। এক অপূর্ব সুন্দরী অর্পার জীবনের চাওয়া পাওয়ার হিসাব-নিকাশের টানাপোড়নে যে রহস্যের ধূম্রজাল তৈরি হয়েছে, তাই ধারণ করেছে প্রহেলিকা।’
প্রহেলিকার মুক্তিকে কেন্দ্র করে প্রচারণার দিকে মন দিয়েছেন বুবলীও। এ সিনেমায় তার যাত্রা কেমন ছিল জানতে চাইলে বুবলী বলেন, ‘প্রহেলিকার পুরো জার্নিটা আমার জন্য মুগ্ধতা। আমরা মেয়েরা অনেক বেশি আবেগপ্রবণ, অনেক বেশি ভালোবাসা চাই। তাই যে মানুষকে ভালোবেসেছি, তাকে আঁকড়ে ধরে থাকতে চাই। তাকে সম্মান দিয়ে, তার বলা না বলা কথা গ্রহণ করে, প্রিয়জনের পাশে থেকে কীভাবে জীবনটা সুন্দর করা যায়, সেসব কিছুই আছে প্রহেলিকার গল্পে। তাই বলব, প্রহেলিকার প্রধান শক্তি গল্প।’
এতে মনা চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ আর তার সঙ্গে অর্পা চরিত্রে বুবলী। এ সিনেমার শুটিং গত ২ নভেম্বর সিলেটে শুরু হয়। একটানা কাজ করে গত ২২ ডিসেম্বর এর দৃশ্যধারণ শেষ হয়। সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ আট বছর পর বড় পর্দায় দেখা মিলবে দেশের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের।
এরই মধ্যে প্রহেলিকার প্রচারণার অংশ হিসেবে প্রকাশ হয়েছে প্রহেলিকার গান ‘মেঘের নৌকা’। বঙ্গর ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়ার পরই প্রশংসা পাচ্ছেন নতুন এ তারকা জুটি মাহফুজ ও বুবলী। এ গানে মাহফুজ আহমেদ ও বুবলীর রোমান্টিক অবতার এরই মধ্যে প্রশংসা কুড়াচ্ছে। সিলেট, ছেঁড়াদ্বীপ ও সেন্ট মার্টিনে গানটির শুটিং হয়েছে। আসিফ ইকবালের কথায় এ গানের সুর সংগীত করেছেন ইমরান মাহমুদুল। আর তাতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিলেন কোনাল।
রঙ্গন মিউজিক প্রযোজিত ‘প্রহেলিকা’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন জামাল হোসেন ও পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, বুবলী, নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত আলী, সাবিহা জামান, শ্যামল জাকারিয়া প্রমুখ।










