খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’-এর ঝুলিতে উঠল আরো একটি পুরস্কার। নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার ‘গৌতম বুদ্ধ অ্যাওয়ার্ড’ পেয়েছে বাংলাদেশের এ নির্মাণ।

গতকাল সোমবার (২০ মার্চ) নেপালের রাজধানী কাঠমান্ডুতে টিমের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ‘সাঁতাও’ চলচ্চিত্রের প্রযোজক শরিফ উল আনোয়ার সজন ও প্রধান অভিনেত্রী আইনুন নাহার পুতুল।

নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছিল গত ১৬ মার্চ। ৩৫টি দেশের ৯৫টি সিনেমা দেখানো হয়েছে এই উৎসবে। ওয়ার্ল্ড প্যানারোমা ইন্টারন্যাশনাল ফিচার বিভাগে গত ১৭ মার্চ কাঠমান্ডুর দুটি সিনেপ্লেক্সে প্রদর্শিত হয় ‘সাঁতাও’।

কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্ঠীর সুখ-দুঃখ, হাসি-কান্নার গল্প পর্দায় হাজির করেছে ‘সাঁতাও’। ২৭ জানুয়ারি সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এরপর বিকল্পভাবে বিভিন্ন জেলায় প্রদর্শন অব্যাহত রয়েছে।

গত বছরের ২৪ নভেম্বর গোয়ায় অনুষ্ঠিত ‘৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’য় চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়।

গণ-অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’-এর মূল চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খন্দকার সুমন।

সিনেমাটি এর আগে দেশ-বিদেশের উৎসবে একাধিক পুরস্কার লাভ করেছে।