৫ জুন জি ফাইভে মুক্তি পাচ্ছে কারিশমা অভিনীত সিরিজ ‘ব্রাউন’। সিরিজের গল্প তৈরি হয়েছে কলকাতাকে পটভূমি ধরে। তিনি এ সিরিজে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু সম্প্রতি জানা গেল একটি নতুন তথ্য। ভারতের সংবাদ সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে কারিশমা জানান, শুরুতে তিনি এ সিরিজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু পরে রাজি হন।

কারিশমা কাপুর বলেন, ‘প্রথমে আমি ব্রাউন সিরিজে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম। চরিত্র নিয়ে কোনো সংশয় ছিল না। কিন্তু এতদিন কলকাতায় অবস্থান করা কঠিন ছিল আমার জন্য। তাই প্রথমে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম।’

কিন্তু ফিরিয়ে দেয়া সে চরিত্রেই পরে অভিনয় করেন কারিশমা। এর পেছনেও একটা গল্প আছে। কারিশমা বলেন, ‘এ ঘটনার পর আমার সঙ্গে অভিনয় দেওর দেখা হয়। তিনি আমাকে চরিত্র, তার গভীরতা ও বাস্তবধর্মী দিকগুলো সম্পর্কে বোঝান। তখন আমি রাজি হয়ে যাই। চরিত্রটি আমার জন্য খুবই চ্যালেঞ্জিং এবং একই সঙ্গে রোমাঞ্চকর ছিল। সে ভেতর থেকে ভেঙে পড়া একজন মানুষ, কিন্তু একই সঙ্গে শক্তিশালীও। তার মধ্যে কোমলতা যেমন আছে, তেমনি কঠোরতাও আছে। আমার মনে হয়, দর্শক এ চরিত্রের স্বাতন্ত্র্য দেখতে পাবে।’

সাক্ষাৎকারে অন্যান্য বিষয়েও কথা বলেন কারিশমা। তিনি জানান, বেশ অল্প বয়সেই কাজ শুরু করেছিলেন এ অভিনেত্রী। কারিশমা বলেন, ‘এখন খুব বেশি কাজ করতে পছন্দ করি না। জীবনে অনেক কাজ করেছি। খুব ছোটবেলায় কাজ শুরু করেছিলাম। এখন আমার নিজের একটা গতি আছে, নিজের মতো একটা মানসিকতা আছে। আমি হৃদয় থেকে কাজ করি। কোনো কাজ যদি আমার ভালো লাগে, তাহলে করব। না হলে করব না।’

এ সিরিজে কারিশমা অভিনয় করেছেন রিটা ব্রাউন চরিত্রে। তিনি একসময় সম্মানিত পুলিশ কর্মকর্তা ছিলেন। কিন্তু বর্তমানে তিনি মদ্যপান, মানসিক আঘাত ও গভীর একাকিত্বে জর্জরিত। একটি নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে তার জীবন নতুন মোড় নেয়। এক প্রভাবশালী ব্যবসায়ীর মেয়ের হত্যাকাণ্ডের পর রিটাকে আবার সক্রিয় দায়িত্বে ফিরতে হয়।

এদিকে পরিচালক অভিনয় দেও জানান, তিনি চেয়েছিলেন, সিরিজটি শুধু অপরাধের কাহিনী না হয়ে মানুষের গল্প হয়ে উঠুক। তিনি বলেন, ‘আমি চেয়েছিলাম এটি একটি মানবিক গল্প হয়ে উঠুক। আমরা চরিত্রগুলোকে এমনভাবে উপস্থাপন করতে চেয়েছি, যাতে দর্শক তাদের মানসিক আঘাত, সংগ্রাম, ভয় ও যন্ত্রণার মধ্যে নিজেদের খুঁজে পায়। আমাদের সবার মধ্যেই অনেক ধূসর দিক রয়েছে। ব্রাউন তৈরি করার সময় আমার মাথায় ছিল, এটি এমন একটি সিরিজ হবে, যা মানুষকে ভাবতে বাধ্য করবে।’

সূত্র: হিন্দুস্তান টাইমস