বছরের শুরুতেই নতুন দুই সিনেমার খবর জানিয়েছিলেন ঢাকাই সিনেমার এ প্রজন্মের নায়িকা অধরা খান। বর্তমানে এ অভিনেত্রী আরব আমিরাতের অন্যতম শহর দুবাইতে উড়াল দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ছবি প্রকাশ করে বিষয়টি জানান দিয়েছেন তিনি। দুবাই যাওয়া প্রসঙ্গ নিয়ে জানতে চাইলে অধরা বলেন, ‘বিভিন্ন দেশ অন্য দেশের নাগরিকদের রেসিডেন্ট পারমিট বা বসবাসের অনুমতি দিয়ে থাকেন। দুবাইতে বসবাস করার অনুমতি রয়েছে আমার। এই রেসিডেন্ট পারমিট বাতিল করার উদ্দেশ্যেই এবার দুবাই আসা। এটা এরই মধ্যে তিন বছর হয়ে গেছে। ব্যবসায়িক কাজের জন্য দুবাই আসা হতো আমার, তবে করোনার কারণে আমাদের বিজনেস জটিলতার মধ্য দিয়ে গেছে। তাই এখন আর ভিসা পুনর্নবায়ন করতে যাচ্ছি না বরং বাতিল করতে এসেছি।’

সময় কেমন যাচ্ছে, এটা জানতে চাইলে অধরা বলেন, ‘দুবাই আমvর প্রিয় শহরের একটা। কাজ কিংবা ঘুরতে আসা যেটাই হোক না কেন আমার খুব ভালো লাগে এখানে এলে। ১৩ জানুয়ারি আমি দুবাই এসেছি। এখানকার আবহাওয়াটা এখন দারুণ। ঘুরে বেড়ানোর জন্য চমৎকার। সব মিলিয়ে সময় বেশ ভালো যাচ্ছে।’

দেশে ফিরে আসার বিষয়ে অধরা আরো বলেন, ‘‌সব কাজের জটিলতা শেষ করে ফেব্রুয়ারির শুরুর দিকে দেশে ফিরব। গিয়ে সিনেমাগুলোর কাজ শুরু করতে হবে আবার। তবে দুবাই থেকে আমাকে যেতে হবে যুক্তরাষ্ট্রের ফিনিক্সে। সেখানে আমাদের কিছু কাজ আছে। এটা এরই মধ্যে বাংলাদেশের মানুষ জানে।’

এরই মাঝে সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের পরিচালনায় ‌‘দখিন দুয়ার’ সিনেমার শুটিং শুরু করেছেন অধরা খান। পদ্মার চরে আটকে থাকা একটি ফেরির গল্প নিয়েই এ সিনেমা। বিপর্যয়ে পড়া ফেরিতে আটকে থাকা প্রেমিকার গল্পও রয়েছে এতে। দক্ষিণবঙ্গগামী মানুষের কিংবা নদী পারাপার হওয়া মানুষের শীতকালীন দুর্দশার একটি চিত্র শুটিং হয়েছে মাঝ নদীতে। শুটিংয়ে অংশ নিয়েছিলেন অধরা খান। এ সিনেমার জন্য কনকনে ঠাণ্ডায় একটানা ১৮ ঘণ্টা শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করেন অধরা। ক্যাপশনে লেখেন ‘এ রকম হাড় কাঁপানো কনকনে ঠাণ্ডায় একটানা ১৮ ঘণ্টা শুটিং করার অভিজ্ঞতা এই প্রথম। ডিরেক্টর সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড স্যারকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গল্পে আমাকে ভাবার জন্য।’

মাজহার বাবু পরিচালিত ‘ঠোকর’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী। এতে অধরার বিপরীতে থাকবেন অভিনেতা ইভান সাইর। মুভি টাইম প্রযোজনা সংস্থার ব্যানারে ঠোকর ছবিটি নির্মিত হচ্ছে। শিগগিরই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে।

অন্যদিকে সৈকত নাসির পরিচালিত ‘সুলতানপুর’ সিনেমা মুক্তির জন্য প্রস্তুত। এতে অধরা খান গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। এখন পর্যন্ত অধরা খান অভিনীত ‘মাতাল’, ‘ নায়ক’, ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমাগুলো মুক্তি পেয়েছে।