প্রকাশ পেয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী কনার নতুন গান ‘নীরবে’। এটি সংগীত পরিচালক হৃদয় হাসিনের পরিকল্পনায় শুরু হওয়া বিশেষ প্রজেক্ট ‘হৃদয় হাসিন ফিচারিং ভ্যারিয়াস আর্টিস্টস’-এর প্রথম গান।

গানটির কথা লিখেছেন সৈয়দা হেমা, আর সুর ও সংগীতায়োজন করেছেন হৃদয় হাসিন।

কনা গানটি নিয়ে বলেন,
‘গানটা আমার বেশ ভালো লেগেছে। অনেকটা নব্বই দশকের ব্যান্ড সংগীতের আমেজ পাওয়া যায় এতে, যা আমার বিশেষভাবে পছন্দের। কথাগুলোও সুন্দরভাবে লেখা হয়েছে। আর হাসিনের কাজ আমার বরাবরই ভালো লাগে। সবমিলিয়ে আমি আশাবাদী গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

অন্যদিকে হৃদয় হাসিন জানান, কনাকে মাথায় রেখেই এই গানটি তৈরি করেছেন তিনি। তার ভাষায়,
‘কনা আপু আমার প্রিয় একজন শিল্পী ও মানুষ। রেট্রো ক্লাসিক ধাঁচের এই গানটা ওনাকে ভেবেই করা হয়েছে। আশা করছি শ্রোতারা আমাদের এই প্রচেষ্টা ভালোভাবে গ্রহণ করবেন।’

হৃদয় হাসিন আরও জানান, বহুদিনের স্বপ্নের প্রজেক্ট ‘হৃদয় হাসিন ফিচারিং ভ্যারিয়াস আর্টিস্টস’ অবশেষে শুরু হলো। প্রথম সিজনে কনার পাশাপাশি আরও গান গেয়েছেন সংগীতশিল্পী লিজা ও নদী। প্রতিটি গানেই ভিন্নতা আনার চেষ্টা করা হয়েছে, যাতে শ্রোতারা নতুন স্বাদ পান।

ইতোমধ্যেই কনার কণ্ঠে গাওয়া ‘নীরবে’ গানটি প্রকাশিত হয়েছে হৃদয় হাসিনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। পর্যায়ক্রমে প্রথম সিজনের অন্যান্য গানও একই চ্যানেল থেকে প্রকাশ করা হবে।