দেশের ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থানে রয়েছে শিরোনামহীন। জনপ্রিয় এ ব্যান্ড তাদের ২৫ বছর পূর্তি উপলক্ষে বছরজুড়েই নানা আয়োজন করেছে। এ আয়োজনের শেষ চমক আছে আজ। শিরোনামহীন তাদের সপ্তম অ্যালবাম ‘দ্য অনলি হেডলাইনার’-এর মোড়ক উন্মোচন করতে যাচ্ছে আজ একুশে বইমেলায়। বিষয়টি দলের প্রধান জিয়াউর রহমান নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বিকাল ৫টা ৩০ মিনিটে ৪৩-৪৬ নম্বর স্টলে শিখা প্রকাশনী থেকে প্রকাশ হবে অ্যালবামটি। এ সময় শিরোনামহীনের সব সদস্য উপস্থিত থাকবেন।
২৫ বছর পূর্তি উপলক্ষে ‘দ্য অনলি হেডলাইনার’ শিরোনামে কনসার্ট করে শিরোনামহীন। সেখানে ব্যান্ডটির সঙ্গে পারফর্ম করে ভারতের মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রা। এতে মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রা ও শিরোনামহীনের সমন্বয়ে গান পরিবেশন করা হয়। কনসার্টে কয়্যারের জন্য পারফর্ম করেছে ঘাসফড়িং কয়্যার দল। অর্কেস্ট্রার সঙ্গে কোনো ব্যান্ডের পরিবেশনা দেশের ব্যান্ড মিউজিকের ইতিহাসে এটাই প্রথম। কনসার্টটিতে দেশের অন্যান্য ব্যান্ডের সদস্যরাও অংশ নিয়েছেন। যার মধ্যে ছিলেন লিংকন ডি কস্তা, শিশির, রাফা, প্রবর রিপন, বখতিয়ার, বাপ্পা মজুমদার, তূর্য্য, পলাশ, প্রান্ত, সামিত, জাহেদ, মোকাররম প্রমুখ। ওই কনসার্টে লাইভ পারফরম্যান্সের ২০টি গান নিয়ে এ অ্যালবাম। এর চমক হচ্ছে প্রথমবারের মতো লাইভ পারফরম্যান্সভিত্তিক অ্যালবামটি আসছে বই আকারে। বইয়ের পাতায় পাতায় থাকছে গান, গানের কথা এবং গানের পেছনের গল্প। সেই সঙ্গে থাকবে শিরোনামহীনের ২৫ বছরের পথচলার দীর্ঘ ভ্রমণের গল্পও।
নতুন এ অ্যালবাম নিয়ে শিরোনামহীনের ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও কর্ণধার জিয়াউর রহমান বলেন, ‘আমাদের সপ্তম অ্যালবাম সম্পুর্ণটাই ডাবল এবং লাইভ অ্যালবাম। আমাদের ২৫ বছর পূর্তি উপলক্ষে যে কনসার্ট করেছিলাম মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রা এবং ঘাসফড়িং কয়্যারের সঙ্গে, এমনকি আমাদের দেশের স্বনামধন্য মিউজিশিয়ানরা প্রায় সবাই আমাদের সঙ্গে স্টেজে পারফর্ম করেছেন। এ আয়োজনের একটা স্মৃতি আমরা আজীবনের জন্য রেখে দিতে চেয়েছিলাম। যাতে শ্রোতারা যেকোনো সময় ওই কনসার্টের গানগুলো শুনতে পারে। এ উদ্দেশ্য থেকেই ডাবল অ্যালবামটা প্রকাশ করা। যেহেতু ২০টা গান, তাই আমরা ডাবল অ্যালবাম বলছি। অন্যদিকে লাইভ যেহেতু বাজানো হয়েছে, তাই এটা লাইভ অ্যালবাম।’
শিরোনামহীনের এ উদ্যোগ নিয়ে জিয়া বলেন, ‘এর আগে এলআরবির প্রথম অ্যালবামটাই ছিল ডাবল অ্যালবাম। পরবর্তী সময়ে এলআরবি একটা লাইভ অ্যালবাম বের করে। এর নাম ছিল রুপালি গিটার। এর পর থেকে আমাদের দেশে আর ডাবল এবং লাইভ অ্যালবাম প্রকাশ হয়নি। এ জায়গা থেকে আমাদের একটা ইচ্ছা ছিল। এ জন্যই অ্যালবামটা এভাবে প্রকাশ করা। পুরো অ্যালবামকে দুই ভাগ করে এপিসোড ওয়ান এবং এপিসোড টু নামে ইউটিউবে রিলিজ করছি। দুইটা প্লে লিস্টে গানগুলো আমরা রিলিজ দিচ্ছি ইউটিউবে, যার প্রতিটি লিস্টে ১০টা গান থাকবে। এর পাশাপাশি আমরা যে বইটি বের করছি, ওটাই আমাদের অ্যালবাম। যেখানে কিউআর কোড থাকবে। যেটা স্ক্যান করলেই শ্রোতারা ২৫ বছর পূর্তির কনসার্টটির গানগুলো শুনতে পারবে।’
একটা সময় ছিল যখন সংগীতপ্রেমীরা তাদের প্রিয় সংগীতশিল্পী বা ব্যান্ডের অ্যালবাম বা সিডি সংগ্রহ করত। সময়ের সঙ্গে সে সুযোগ এখন নেই বললেই চলে। অ্যালবাম সংগ্রহকারীদের উদ্দেশ করে জিয়াউর রহমান বলেন, ‘এখনো অনেকেই আছেন, যারা আমার মতো অ্যালবাম কালেক্টর। যারা অ্যালবাম সংগ্রহ করে অভ্যস্ত, তাদের কথা ভেবে বইটি প্রকাশ করা। এখন তো সিডি বা ক্যাসেটের যুগ নেই। তাই বইটা প্রকাশ হচ্ছে, যাতে করে শ্রোতার কাছে বই আকারে অ্যালবামটা থাকে। এখন স্মার্ট ফোনেই কিউআর কোড স্ক্যানার আছে। তাই চাইলেই সঙ্গে সঙ্গে গানগুলো শুনতে পারবে। এর সঙ্গে গানের পেছনের যে গল্প, লিরিক, স্মৃতি ও ছবি—এসব আমরা বইতে রেখেছি।’ অমর একুশে বইমেলায় প্রকাশিত হতে যাওয়া বইটি নিয়ে জিয়া বলেন, ‘১২৮ পৃষ্ঠায় ৪ কালারের বইটা আসছে। আমরা ‘র’ আকৃতির অনেকটা অ্যালবামের মতো করেছি, যাতে হাতে নিলে মনে হয় এটা একটা অ্যালবাম। বইটা আজ প্রকাশ পাচ্ছে বইমেলায়। আমরা সবাই এখানে উপস্থিত থাকব।’
শিরোনামহীন বাংলাদেশের অন্যতম সফল এবং প্রভাবশালী রক ব্যান্ডগুলো একটি। ২০০৪ সালে তারা তাদের প্রথম অ্যালবাম জাহাজী প্রকাশ করে। হাসিমুখ, ঘুম, বন্ধ জানালা, আবার হাসিমুখের মতো একাধিক শ্রোতা জনপ্রিয় গান রয়েছে শিরোনামহীনের।










