অভিনয়ে দীর্ঘদিনের পথচলা দিলারা জামানের। বয়সের এ পর্যায়েও টেলিভিশন নাটক ও সিনেমায় নিয়মিত কাজ করছেন এ অভিনেত্রী। গল্প ও চরিত্র পছন্দ হলেই নতুন কাজে যুক্ত হচ্ছেন তিনি।

সম্প্রতি দীপ্ত টিভিতে প্রচারিত চলতি ধারাবাহিক নাটক ‘রূপনগর’-এর শেষ লটের শুটিংয়ে অংশ নিয়েছেন দিলারা জামান। এ ধারাবাহিকে অভিনয়ের জন্য বেশ সাড়া পাচ্ছেন বলেও জানান তিনি। এরই মধ্যে আরো একটি ধারাবাহিকের প্রথম লটের কাজ শেষ করেছেন এ অভিনেত্রী। আগামী অক্টোবর থেকে ধারাবাহিকটির দ্বিতীয় লটের কাজেও অংশ নেয়ার কথা রয়েছে তার।

এদিকে আগামীকাল রাজ্জাক রাজের পরিচালনায় ‘তোমাকে যাবে না ভোলা’ শিরোনামের একটি নাটকে অভিনয় করবেন দিলারা জামান। তরিকুল ইসলাম তারেকের রচনায় নাটকটিতে আরো কয়েকজন নতুন শিল্পী অভিনয় করবেন।

নাটকটি প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘এ সময়ে এসে টানা কাজ করা আমার পক্ষে সম্ভব না। যখন মোটামুটি শরীরটা ভালো থাকে, পাশাপাশি গল্প ও চরিত্র ভালো লাগে, তখনই কাজটা করতে সম্মত হই। এ মুহূর্তে ভালো আছি। তাই সামনে কয়েকটা কাজ করব। রাজ্জাক রাজের কাজটা দিয়ে আবার কাজ শুরু করছি। তোমাকে যাবে না ভোলার গল্পটা ভালো লেগেছে আমার। আশা করছি কাজটাও ভালো হবে।’

এদিকে ২৭ ও ২৮ সেপ্টেম্বর মহিন খানের একটি নাটকে অভিনয় করার কথা রয়েছে দিলারা জামানের। এছাড়া আগামী অক্টোবর থেকে মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় নতুন ধারাবাহিক ‘শেষ বিকেলের গল্প’-এর দ্বিতীয় লটের কাজ শুরু করবেন তিনি।

অন্যদিকে সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে দিলারা জামান অভিনীত ‘দাদী ভয়ংকর’ নাটকটি। রাহাত কবির পরিচালিত নাটকটি এরই মধ্যে ২০ লাখের বেশি দর্শক দেখেছে। এতে দিলারা জামানের সঙ্গে অভিনয় করেছেন আবুল হায়াত, আরশ খান, উর্বীসহ আরো অনেকে।