বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছরই একুশে পদকে ভূষিত হয়েছেন তিনি। এছাড়া এ বছর ‘হুজ হু’ ও ‘মা পদক ২০২৬’ সম্মাননাও অর্জন করেছেন এ কিংবদন্তি অভিনেত্রী। এবার ববিতার ঝুলিতে যুক্ত হতে যাচ্ছে আরো একটি বড় আন্তর্জাতিক সম্মাননা।
যুক্তরাষ্ট্রের নর্থ হলিউডে খান মোহাম্মদ আলীর উদ্যোগে আগামী ২ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আনন্দমেলা অ্যাওয়ার্ড ও কালচারাল প্রোগ্রাম ২০২৬’। আন্তর্জাতিক এ আয়োজনে ববিতাকে মর্যাদাপূর্ণ ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ অ্যাওয়ার্ডে ভূষিত করা হবে। অ্যাওয়ার্ড গ্রহণ শেষে আগামী ৩ আগস্ট এক বিশেষ নৈশভোজে অংশ নেবেন তিনি।
জীবনের নানা প্রাপ্তি নিয়ে অনুভূতি প্রকাশ করে ববিতা বলেন, ‘একজন নায়িকা হিসেবে এ দেশের কোটি কোটি সিনেমাপ্রেমী মানুষের ভালোবাসা পেয়েছি। আমার জীবন প্রাপ্তি ও ভালোবাসায় পরিপূর্ণ। চলচ্চিত্রের প্রযোজক, পরিচালক, মেকআপম্যান, সহশিল্পীসহ দেশের মানুষের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি।’
ববিতার আজ জন্মদিন। তার সমৃদ্ধ পথচলা উদযাপন করতে আজ তার ৭৪তম জন্মদিনে মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে বিশেষ অনুষ্ঠান ‘ববিতা সমগ্র’। রুম্মান রশীদ খানের গ্রন্থনা, পরিকল্পনা ও সঞ্চালনায় এবং অজয় পোদ্দারের প্রযোজনায় তৈরি এ আয়োজনে ববিতার পুরো জীবন ও কর্মের নানা অজানা অধ্যায় উঠে আসবে। বিদেশে যাওয়ার আগেই শুটিং সম্পন্ন হওয়ায় অনুষ্ঠানে ববিতার উপস্থিতিও থাকছে। আজ রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে এ আয়োজন। মাছরাঙা টেলিভিশনের এ উদ্যোগ সম্পর্কে ববিতা বলেন, ‘আমাকে নিয়ে মাছরাঙার এ এক্সক্লুসিভ আয়োজন দেখে আমি সত্যিই অভিভূত। অনুষ্ঠানটি দেখলে আমার পুরো জীবনটাই জানা হয়ে যাবে।’
জন্মদিনটি একমাত্র ছেলে অনিকের সঙ্গে উদযাপনের উদ্দেশ্যে ২৪ জুলাই কানাডার টরন্টোয় গেছেন এ অভিনেত্রী। টরন্টোয় ছেলের সঙ্গে জন্মদিন উদযাপনের পরদিন সকালেই তিনি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন।
এ অভিনেত্রীর জন্মদিনে ‘দ্য বেস্ট ২৪’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে বিশেষ জন্মদিনের গান ‘আওয়ার ড্রিম গার্ল’। সাংবাদিক ওমর ফারুকের কথায় এবং শান সায়েকের সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন রাশেদ, শাপলা পাল, শান, রাইসা, জয় ও তানজিন মিথিলা। ২২ জুলাই গানটির মিউজিক ভিডিওতে ববিতা নিজেও অংশ নিয়েছেন।










