ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলো রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ৮৩তম আসরের ‘অরিজোন্তি’ প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় সিনেমাটির। রবিবার স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে পালাৎসো দেল সিনেমা ভবনের সালা দারসেনা থিয়েটারে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। গতকাল ভেনিসের স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় অ্যাস্ট্রা-২ থিয়েটারে এবং বিকাল ৫টায় অ্যাস্ট্রা-১ থিয়েটারে আরো দুটি প্রদর্শনী হয়। ২ সেপ্টেম্বর শুরু হওয়া এ উৎসব চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রায় ২০ বছর ধরে এ সিনেমার ভাবনা নিয়ে কাজ করছেন পরিচালক রুবাইয়াত হোসেন। শৈশবে পার্লারে শোনা এক গল্প ও স্মৃতি তাকে দীর্ঘদিন তাড়া করে ফিরেছে। সেই স্মৃতি থেকেই ঢাকার একটি বিউটি পার্লার, একটি বিয়ে আর ছোটবেলার এক ভয়ের গল্প ঘিরে নির্মিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটি প্রসঙ্গে রুবাইয়াত বলেন, ‘সিনেমাটি দিয়ে আমরা বিউটি বলতে কী বুঝি, সেটাকে প্রশ্ন করতে চেয়েছি। রূপচর্চার এ প্রক্রিয়ার নিচে যে কতটা যন্ত্রণা লুকিয়ে থাকে তা দেখানোর চেষ্টা করেছি। সমাজ যেভাবে পার্লারের মাধ্যমে একটি মেয়েকে কৃত্রিম ছাঁচে নারী হিসেবে ম্যানুফ্যাকচার করে, সিনেমাটিতে সেটাই দেখানো হয়েছে।’

চলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম। দেড় বছর এ প্রকল্পে সহকারী পরিচালক হিসেবে কাজ করার পর অডিশনের মাধ্যমে তাকে প্রধান চরিত্রে বেছে নেয়া হয়। এছাড়া সহঅভিনেত্রী হিসেবে রয়েছেন রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। সুনেরাহর পুরো সিনেমায় কোনো সংলাপ নেই, তবে তার পেশাদারত্বের প্রশংসা করেছেন পরিচালক। শিমুর জন্য এটি দ্বিতীয়বার ভেনিস উৎসবে যাওয়ার ঘটনা—এর আগে ‘ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা’ সিনেমার মাধ্যমে গিয়েছিলেন তিনি। চলচ্চিত্রটিতে অতিথি চরিত্রে দেখা যাচ্ছে আজমেরী হক বাঁধন ও দামীর খানকে। সিনেমার কলাকুশলীদের মধ্যে অধিকাংশই উৎসবে যোগ দিয়েছেন।