চলতি বছরে মুক্তি পেয়েছে ৩০টির মতো সিনেমা। এরই মধ্যে কয়েকটি সিনেমা হল দর্শক টেনে আলোচনায় এসেছে। আর কিছু সিনেমা গল্প ও মেকিং নিয়ে দর্শকের মনে স্থান করে এখনো আলোচিত। অন্যদিকে মুক্তির অপেক্ষায় থাকা কয়েকটি সিনেমা প্রেক্ষাগৃহে আসার আগেই আলোচনায় রয়েছে। এর মধ্যে অন্যতম ‘অন্তর্জাল’। দীপংকর দীপন পরিচালিত সিনেমাটি প্রথমে মুক্তির কথা ছিল ঈদুল আজহায়। তবে বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। অবশেষে আজ দেশ ও দেশের বাইরে একযোগে এটি মুক্তি পাচ্ছে।
এ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, মাশরুর ইনান, অমিত সিনহা, মোহাম্মদ আলী হায়দার ও রওনক হাসান। তিন তরুণের বুদ্ধিবৃত্তিক উদ্ভাবন আর সাইবার হামলা নিয়ে এক কল্পিত দুনিয়ার বাস্তব লড়াই দেখা যাবে এ সিনেমায়। সাইবার দুনিয়ার কালো অধ্যায় হ্যাকিং। হ্যাকিং, সোশ্যাল মিডিয়ার নানা জটিলতা ও ঝুঁকিসহ আধুনিক তথ্যপ্রযুক্তির যুগের নানা আলোচিত বিষয়গুলো নিয়েই এ সিনেমা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ধাঁচের সিনেমা নির্মাণ করেছেন দীপংকর দীপন।
এতে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে দেখা যাবে নিশাদ চরিত্রে। সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে। তার চরিত্রের নাম প্রিয়ম। তিনি রোবট নিয়ে কাজ করেন। এ সিনেমায় জুটি হিসেবে দেখা যাবে সিয়াম ও সুনেরাহকে। নিজের চরিত্র নিয়ে বিদ্যা সিনহা মিম বলেন, ‘আমার চরিত্র নিশাদ। সে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট। এই প্রথম এমন একটা চরিত্রে কাজ করা। সবসময় একজন শিল্পীর এ ধরনের চরিত্রে অভিনয় করার সুযোগ হয় না।’
সুনেরাহ বলেন, ‘অন্তর্জাল বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা। যেখানে থিলার, অ্যাকশন, এন্টারটেইনমেন্ট, রোমান্স সব আছে। সিনেমাটা নিয়ে আমি আশাবাদী। আমার মনে হয়, এ সময়ে এসে দর্শকের মাঝে প্রভাব ফেলবে এমন একটা সিনেমা অন্তর্জাল।’
অন্তর্জালের গল্প লিখেছেন পরিচালক দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও।
সিনেমাটি নিয়ে দীপংকর দীপন বলেন, ‘এটা সো কোল্ড প্রেমের সিনেমা নয়। কিন্তু একজন দর্শক সিনেমায় যে গতি ও গল্প দেখতে চায়, তার পুরোটাই আছে এতে। আপনারা লক্ষ করবেন, আমার একেকটা সিনেমা একেক ঘরানার। যেমন প্রথমটা ছিল পুলিশের অ্যাকশন, পরেরটা ওয়াইল্ড লাইফ অ্যাকশন আর এটা হলো সাইবার যুদ্ধ। বলে রাখি, আইটি মোটেই গুরুগম্ভীর বিষয় নয়। এখানে গতি আছে। এটা সবার সিনেমা। সাধারণ মানুষ যেন আইটি বা হ্যাকিং বিষয়টা সহজে বুঝতে পারে, সেভাবেই গল্পটি সাজানো হয়েছে। আর বিষয়টিকে সহজ করার জন্য আমাদের অনেক কঠিন সময় পার করতে হয়েছে। আমরা চেষ্টা করেছি সহজ করে সাইবার বিষয়গুলো তুলে ধরতে।’
অন্তর্জাল সিনেমাটি প্রচারে বেশ সময় পেয়েছেন নির্মাতা ও কলাকুশলীরা। সিনেমার পোস্টার, ট্রেলার ও গানগুলো এরই মধ্যে পেয়েছে দর্শকের প্রশংসা। মুক্তি উপলক্ষে এসেছে প্রমোশনাল গান ‘ওয়েলকাম টু অন্তর্জাল’। সিনেমায় গানটি রাখা না হলেও প্রচারের জন্য নির্মিত হয়েছে এ গান। সোমবার রাজধানীর রবীন্দ্রসরোবরে উন্মুক্ত মঞ্চে প্রকাশ করা হয়েছে এটি। সেখানে উপস্থিত ছিলেন সিয়াম ও মিমসহ সিনেমার কলাকুশলীরা।
এছাড়া আন্তর্জাতিক মহলে হলের নতুন রেকর্ড করছে অন্তর্জাল। দেশের থেকে বিদেশের মাটিতে বেশি সিনেমা হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। কানাডা ও যুক্তরাষ্ট্রের ১৫০টি থিয়েটারে মুক্তি পাচ্ছে অন্তর্জাল। দেশের বাইরে এর পরিবেশনা প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ১৪৩টি ও কানাডার সাতটি হলে দেখা যাবে এ সিনেমা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে সিনেমাটির থিয়েটার লিস্ট প্রকাশ করেছে স্বপ্ন স্কেয়ারক্রো। এর আগে ‘এমআর-৯’ যুক্তরাষ্ট্রের ১৫১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। তবে সেটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনার সিনেমা। বাংলাদেশের সিনেমা হিসেবে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অন্তর্জাল। দেশের বক্স অফিসে সিনেমাটি কেমন প্রভাব ফেলে সেটা দেখা এখন সময়ের অপেক্ষা।










