বিশ্বের অন্যতম প্রাচীন চলচ্চিত্র উৎসবের একটি কান উৎসব। এ উৎসবের ৭৬তম আসর শুরু হতে যাচ্ছে ১৬ মে। এবারের উৎসবে বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘মা’। সিনেমাটি পরিচালনা করেছেন অরণ্য আনোয়ার। এ সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। 

কান উৎসবের বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করে অরণ্য আনোয়ার বলেন, ‘মা এটা আমার দীর্ঘ নির্মাণ ক্যারিয়ারের প্রথম সিনেমা। আনন্দের বিষয় হচ্ছে সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে ১৯ মে। একই সময়ে সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার করতে পারছি। একজন নির্মাতার কাছে এর চেয়ে আনন্দের কিছু হতে পারে না। আমি চাই, বাংলাদেশ, কান উৎসব হয়ে সিনেমাটি গোটা বিশ্বে ছড়িয়ে পড়ুক। পৃথিবীর সব মাকে উৎসর্গ করেই সিনেমাটি আমি নির্মাণ করেছি।’ কান চলচ্চিত্র উৎসবের এবারের আসরটি ১৬ মে শুরু হয়ে মার্শে দ্যু ফিল্মের আনুষ্ঠানিকতা চলবে ২৪ মে পর্যন্ত। তবে উৎসবের পর্দা নামবে ২৭ মে।

অরণ্য আনোয়ার জানান, বিশ্ব মা দিবস উপলক্ষে ১৯ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এটি দেশে মুক্তি দিয়েই তিনি ও সিনেমাটির প্রযোজক পুলক কান্তি বড়ুয়া ছুটবেন ফ্রান্সের কান সৈকতের উদ্দেশে। সেখানে প্রিমিয়ারের মাধ্যমে বিশ্বের অন্য প্রযোজক-পরিবেশকদের সঙ্গে আলাপ করবেন ‘মা’ সিনেমাটি বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে।

দেশের গুণী নাট্যনির্মাতা অরণ্য আনোয়ারের ‘মা’ মুক্তি পেতে বাকি আর মাত্র কয়েকদিন। মুক্তি সামনে রেখে এরই মাঝে ‘‌মা’ সিনেমাটির প্রচারণা চলছে। প্রকাশ হয়েছে পোস্টার, ট্রেলার, গান ও বিহাইন্ড দ্য স্টোরি। নির্মাতা জানান, মা সিনেমার গল্প মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। সাজিয়ে গুছিয়ে তা সিনেমা আকারে পর্দায় তুলে এনেছেন নির্মাতা। সেই মায়ের চরিত্রেই দেখা যাবে পরীমণিকে।

সিনেমাটি নিয়ে পরীমণি বলেন, ‘‌এ সিনেমার সঙ্গে কাজের অভিজ্ঞতাটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে আমার। এটা আমার জন্য আলাদা অনুভূতি, কারণ মা যখন শুটিং করি, তখন চার মাসের রাজ্য আমার পেটে ছিল। মজার কথা হলো, সিনেমাটি মুক্তির সময় আমার ছেলে রাজ্য আমার কোলে থাকবে। অবশ্য এটা মা হিসেবে আনন্দের। এ অনুভূতি বোঝানো যাবে না।’ গত বছরের জানুয়ারিতে শুরু হয় মা সিনেমার দৃশ্য ধারণের কাজ। এর মধ্যে মাতৃত্বের কারণে সাময়িক অবসর নেন পরী। তবে তার আগে শেষ সিনেমা হিসেবে ‘মা’ সিনেমার কাজ সম্পন্ন করেন। বর্তমানে ছেলে রাজ্যের সঙ্গেই সময় কাটছে পরীর। সামাজিক মাধ্যমে প্রায়ই মা-ছেলের সুন্দর মুহূর্তের ছবি প্রকাশ করেন এ অভিনেত্রী। পরীমণি অভিনীত সর্বশেষ সিনেমা অ্যাডভেঞ্চার অব সুন্দরবন। 

অন্যদিকে অরণ্য আনোয়ার একজন গুণী নির্মাতা। যিনি ‘আমাদের নুরুল হুদা’র মতো ধারাবাহিক নাটক নির্মাণ করে মুগ্ধতা ছড়িয়েছেন। আসন্ন সিনেমাটি নিয়ে আশাবাদী এ নির্মাতা। গত বছরের অক্টোবরে সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পায়। ৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এটি মুক্তির ঘোষণা দেন নির্মাতা। 

‘মা’ সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন। এই ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আটটি সিনেমা। এর মধ্যে কিছু সিনেমা তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সিনেমা হলে দর্শক টানছে। এবার দেখার পালা অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ সিনেমাটি দর্শকের কাছে কেমন গ্রহণযোগ্যতা পায়। কান চলচ্চিত্র উৎসব সিনেমাটির জন্য নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন ‘মা’ সিনেমার নির্মাতা এবং কলাকুশলীরা।